কচুয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন
চার বছর পর গত রোববার তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে নাজমুল আলম সভাপতি ও শাহজালাল প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে রোববার বেলা ১১টায় উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীর। এ ছাড়া এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহসভাপতি জি এম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক হাবিবুর রহমান প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত ২১৮ কাউন্সিলরের মধ্যে ২১৬ জন ভোট দেন। রাত আটটায় ভোট গ্রহণ শেষ হয়। রাত নয়টায় যুবলীগের নেতা মিজানুর রহমান ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন।
নির্ধারিত সময়ে কমিটি গঠন না করার বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। অনেক সময় স্থানীয় সাংসদের হস্তক্ষেপের কারণেও সময়মতো কমিটি করা যায় না।’