কটূক্তির প্রতিবাদে কালিয়ায় আওয়ামী লীগের সমাবেশ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য এখলাছ উদ্দীন আহম্মেদ সম্পর্কে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে জেলার কালিয়া উপজেলায় সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার নড়াগাতী থানার কাছারিবাড়ি মাঠে এর আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
গতকালের সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৪ আগস্ট নড়াগাতী থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এখলাছ উদ্দীন আহম্মেদ ও কবিরুল হক সম্পর্কে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা অশালীন, আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, জাতীয় শোক দিবসের সভায় এখলাছ উদ্দীন আহম্মেদ সম্পর্কে বাজে কথা বলা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে দলের হাল ধরেছিলেন, তখন আওয়ামী লীগের কতিপয় নেতা বাকশাল গঠন করেছিলেন। এখলাছ উদ্দীন আহম্মেদ সেই দলে ছিলেন।