গুলশান থেকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় সরানোর সরকারি উদ্যোগের সমালোচনা করে দলটির নেতারা বলেছেন, কোনো রাজনৈতিক দলের অফিস কোন এলাকায় থাকবে, সরকার থেকে এমন কোনো দিকনির্দেশনা কখনো দেওয়া হয়নি। সংসদ থেকেও এমন কোনো আইন পাস হয়নি।
গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সৈয়দ আরাফাত আবদুল্লাহর (যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে) সুস্থতা কামনায় যুবদল এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ।
গুলশান ও বনানী এলাকা থেকে সব দলের রাজনৈতিক কার্যালয় সরিয়ে নিতে সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তর।
মির্জা আব্বাস বলেন, যে যেভাবে পারছে, বিএনপির ওপর সুযোগ নিচ্ছে। সরকার ভাবছে, পানি ঘোলা হয়েছে মাছ শিকারের জন্য। এখন খালেদা জিয়ার অফিস সরাতে হবে। তিনি বলেন, ‘গুলশান থেকে খালেদা জিয়ার অফিস সরিয়ে দিলে আমরা তখন চেয়ারপারসনের বাড়িতেই যাব, এটিই স্বাভাবিক। আমরা কি খালেদা জিয়ার ড্রয়িংরুমে গিয়ে মিটিং করতে পারি না?’ বিএনপির এই নেতা বলেন, ‘গুলশানের ঘটনার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার অফিস ওখান থেকে সরানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার জন্য সেখান থেকেও কি বিএনপির অফিস সরিয়ে দেবেন?’
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারকে গ্যারান্টি দিতে হবে যে, সারা দেশের জঙ্গি এবং যেকোনো হামলা বন্ধ হয়ে যাবে গুলশান থেকে খালেদা জিয়ার কার্যালয় সরালে। তাহলে আমরা খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে নেব।’