কঠোর অবস্থানে নির্বাচন কমিশন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। কোনোভাবেই ত্রুটিপূর্ণ নির্বাচন মেনে নেওয়া হবে না। কোনো কেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকেরা হলেন সহায়ক শক্তি। কোনো ভুলত্রুটি হলে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
করোনার মধ্যে ঝুঁকি নিয়ে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের উৎসাহ দিতে তাঁর এ সফর উল্লেখ করে তিনি আরও বলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটে কোনো অনিয়ম হলে প্রার্থীদের আইনি সহায়তার ব্যবস্থা রয়েছে।
এর আগে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।
কে এম নূরুল হুদা আরও বলেন, ‘লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আমাদের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। প্রার্থী কোন দলের, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।’ তাই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান, রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচনী মাঠে আছেন নুরউদ্দিন চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জোটের শরিক জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।
গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ শহিদ ইসলাম ওরফে পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ওই দিন তাঁর আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় শূন্যঘোষিত এ আসনে উপনির্বাচন হবে ২১ জুন। আসনটিতে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি।