বিএনপির আন্দোলনের ক্ষমতা নেই: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধামন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, আন্দোলন করে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না। তাদের সেই ক্ষমতা নেই।
আজ সোমবার সকালে রংপুর শহরের কালেক্টরেট জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে এরশাদ সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের জামাত আদায় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধামন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ এবং তাঁর ভাই জি এম কাদের।
গত শুক্রবার জাতীয় পার্টির (এরশাদ) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর থেকে নিরাপত্তাহীন বোধ করছিলেন এরশাদ ও জি এম কাদের। বিষয়টি সাংবাদিক ও জেলা পুলিশ সুপারকে জানান এরশাদ। এর পরিপ্রেক্ষিতে আজ সকালে ঈদের নামাজ শুরু হওয়ার ১০ মিনিট আগে আটটা ৫০ মিনিটে ব্যাপক পুলিশি পাহারায় এরশাদ ও জি এম কদেরকে ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়।
এরশাদ যাওয়ার পাঁচ মিনিট আগে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা একই স্থানে নামাজ আদায় করতে যান। পরে সেখানে এরশাদ, মসিউর রহমান, জি এম কাদের ও সিটি মেয়র সরফুদ্দীন আহমেদ পাশাপাশি নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা পরস্পর কোলাকুলি করেন। নামাজ আদায়ের সময় মাঠের সামনে র্যাব ও পুলিশ সতর্কাবস্থায় ছিল।
এ প্রসঙ্গে পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সবাই সরকারের ভিআইপি (বিশিষ্ট) ব্যক্তি বলে তাঁদের পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।