কতিপয় নেতা-কর্মী প্রধানমন্ত্রীর অর্জন প্রশ্নবিদ্ধ করছেন: নাছির

দলীয় কতিপয় নেতা-কর্মীর বিতর্কিত কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে ‘মধ্যম আয়ের দেশ ও শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র আয়োজিত ওই সেমিনারে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশ পরিচিতি পাচ্ছে। কিন্তু আমরা তাঁকে কতটা সহযোগিতা করছি। গুটিকয়েক নেতার কারণে অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে।’
মেয়র বলেন, ‘সারা বিশ্ব যেখানে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত, তাদের কাছে আজ বাংলাদেশ বিস্ময়। উন্নয়নের রোল মডেল। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি—সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে পারছি? আমি তো মনে করি করছি, না। বরং আমরা বাধা হিসেবে কাজ করছি কোনো কেনো ক্ষেত্রে।’ তিনি আরও বলেন, ‘এখন আত্মসমালোচনার সময়। আমার এলাকায় আমার কাজে যদি মানুষ আশাহত হয়, তাহলে এর প্রভাব পড়বে দলের ওপর। শেখ হাসিনার ওপর। কারণ, মানুষ দলকে চেনে, নেত্রীকে চেনে। এই খারাপ কাজের প্রভাব পড়বে নেত্রীর অর্জনের ওপর।’
মেয়র আ জ ম নাছির আরও বলেন, ‘এখন সময় এসেছে, যাঁদের কারণে অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেসব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর। এ জন্য আমাদের সচেতন ও সোচ্চার হতে হবে।’
মুখ্য আলোচক সংরক্ষিত নারী আসনের সাংসদ ওয়াসেকা আয়েশা খান বলেন, ‘আমাদের দেশ নিয়ে অনেক কথা অনেক ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় এখন বেড়েছে। জিডিপি সর্বোচ্চ। শিক্ষাক্ষেত্রে সাফল্য ঈর্ষণীয়। প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, রূপকল্প ৪১ প্রণয়ন চলছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপে এগিয়ে যাচ্ছে দেশ।
সেমিনারে মূল প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত বলেন, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যে গতিধারা শেখ হাসিনা অব্যাহত রেখেছেন, তার অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। যে কারণে শেখ হাসিনা এখন প্রথম সারির বিশ্বনেতাদের একজন। তিনি আরও বলেন, মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য। মাথাপিছু আয় এখন বেড়ে হয়েছে ১ হাজার ৪৬৬ ডলার। উচ্চ-মধ্যম আয়ের দেশের পর্যায়ে যেতে হলে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ৪ হাজার ৩৬ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি হতে হবে।
বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি ফয়সাল কামালের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, কাউন্সিলর আবেদা আজাদ, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী প্রমুখ।