কতিপয় নেতার কারণে অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কতিপয় দলীয় নেতা-কর্মীর বিতর্কিত কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে ‘মধ্যম আয়ের দেশ ও শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র আয়োজিত সেমিনারে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশ পরিচিতি পাচ্ছে। কিন্তু আমরা তাঁকে কতটা সহযোগিতা করছি? গুটিকয়েক নেতার কারণে অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত। মুখ্য আলোচক ছিলেন সাংসদ ওয়াসেকা আয়েশা খান। আলোচনায় অংশ নেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা সিরু বাঙালি। সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণা কেন্দ্রের সভাপতি ফয়সাল কামাল।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এখন আত্মসমালোচনার সময়। আমার এলাকায় আমার কাজে যদি মানুষ আশাহত হয়, তাহলে তার প্রভাব পড়বে দলের ওপর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। কারণ মানুষ দলকে চিনে, নেত্রীকে চিনে।’ তিনি বলেন, ‘যাদের কারণে অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেসব গুটিকয়েক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর সময় এসেছে।’

সাংসদ ওয়াসেকা আয়েশা খান বলেন, ‘আমাদের দেশ নিয়ে অনেক কথা, অনেক ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় এখন বেড়েছে। শিক্ষা ক্ষেত্রে সাফল্য ঈর্ষণীয়। প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।’

মূল প্রবন্ধে জ্যোতি প্রকাশ দত্ত বলেন, মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য। মাথাপিছু আয় এখন বেড়ে হয়েছে ১ হাজার ৪৬৬ ডলার। উচ্চ-মধ্যম আয়ের দেশের পর্যায়ে যেতে হলে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ৪ হাজার ৩৬ মার্কিন ডলার বা তার ওপরে যেতে হবে।