
বড় কোনো চ্যালেঞ্জ ছাড়াই শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার দ্বিতীয় মেয়াদে তিন বছর পার করার মধ্য দিয়ে একটানা আট বছর দেশ শাসনকে সাফল্য হিসেবে দাবি করতেই পারে। স্বাধীনতার পর এই দ্বিতীয়বার কোনো সরকার একনাগাড়ে আট বছর ক্ষমতায় আছে। প্রথমবারের রেকর্ডটি সামরিক শাসক জেনারেল এরশাদের। তবে তাঁর পুরোটা মেয়াদ কেটেছে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায়। তবে শেখ হাসিনার সরকার দ্বিতীয় মেয়াদটি প্রায় নির্বিঘ্নেই দেশ শাসন করছে।
২০১৪ সালে একটি ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেও আওয়ামী লীগ সরকার যে অনেকটা হেসেখেলে তিন বছর পার করতে পেরেছে, তার পেছনে কিছু দেশি-বিদেশি ঘটনা অনুঘটকের মতো কাজ করেছে। অস্বীকার করা যাবে না যে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে দেশব্যাপী যে আবেগ সৃষ্টি হয়েছে, সরকার সেটি পুরোপুরি কাজে লাগিয়ে যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগ বরাবরের মতো তার প্রতিদ্বন্দ্বী বিএনপিকে অনেকটা একঘরে, এমনকি সহজাত মিত্রদের থেকেও (জামায়াতে ইসলামী ছাড়া) প্রায় বিচ্ছিন্ন করেছে।
দ্বিতীয়ত আওয়ামী লীগ পশ্চিমা বিশ্বকে বোঝাতে পেরেছে যে বাংলাদেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদের উত্থান ঠেকাতে তাদের বিকল্প নেই। সরকার কাছের ও দূরের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে মোটামুটি সমনৈকট্য বজায় রেখে নিজের কৌশলগত অবস্থানকে কিছুটা হলেও
সংহত করেছে বলে বিশ্লেষকেরা মনে করেন। যদিও অতি সম্প্রতি চীন থেকে সাবমেরিন কেনা নিয়ে পরীক্ষিত বন্ধু ভারতের সঙ্গে খানিকটা টানাপোড়েনের কথা ভারতীয় বিশ্লেষকেরাই বলছেন।
এসব কৌশলগত সাফল্য এবং আর্থসামাজিক ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন সত্ত্বেও সরকারের কর্তৃত্ববাদী নীতি রাজনৈতিক সংস্কৃতিকে যেমন আরও অসহিষ্ণু করে তুলেছে, তেমনি গণতান্ত্রিক কাঠামোকে অধিকতর দুর্বল করেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ যে দিনবদলের সনদ নিয়ে ক্ষমতায় এসেছিল, আট বছর একনাগাড়ে দেশ শাসন করার পরও রাজনৈতিক সংস্কৃতিতে দিনবদলের লক্ষণ দেখা যাচ্ছে না।
২০১৪ সালের নির্বাচনের আগেও আওয়ামী লীগ সংবিধান সুরক্ষা, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি সংসদকে আরও কার্যকর করার অঙ্গীকার করেছিল। কিন্তু বাস্তবে তার বিপরীতটিই ঘটেছে। যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ কার্যকর হতে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। দশম সংসদে কার্যত বিরোধী দল নেই। পোশাকি বিরোধী দলটি সরকারেরও অংশ। আওয়ামী লীগের ইশতেহারে সংসদের ভেতরে ও বাইরে সাংসদদের সামষ্টিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডের জবাবদিহির কথা বলা হলেও তাদের কারও কারও ভূমিকা সরকার ও দলকে বিব্রত করছে। নির্বাচনের আগে আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত এবং মৌলিক প্রশ্নে সরকার রাজনৈতিক দল, শ্রেণি, পেশাজীবী সংগঠন, সিভিল সমাজসহ দলমত-নির্বিশেষে যে জাতীয় ঐকমত্যের কথা বলেছিল, এখন সেই ঐকমত্যের আহ্বান নিষ্ফল রোদনে পরিণত হয়েছে।
তিন বছর আগে ক্ষমতাসীন দলটি নির্বাচনী ব্যবস্থাকে আরও সংহত এবং শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর কথা বললেও সেই ব্যবস্থাটাই এখন আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। ২০১৪ সালের একতরফা নির্বাচনের দায় সরকার পুরোপুরি বিএনপির ওপর চাপাচ্ছে। তর্কের খাতিরে তাদের যুক্তি মেনে নিলেও স্থানীয় সরকার সংস্থাগুলোর বেহাল ও বিশৃঙ্খল অবস্থার দায় ক্ষমতাসীনেরা এড়াতে পারে না। সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি পরবর্তী প্রায় সব স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে অংশ নিয়েছে এবং পাঁচ সিটি করপোরেশনসহ অনেকগুলোতে তাদের প্রার্থী জয়ীও হয়েছেন। কিন্তু সরকার মামলার নামে বিএনপির জয়ী প্রার্থীদের যেভাবে নাজেহাল ও দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে, তা নজিরবিহীন। কারও বিরুদ্ধে মামলা হলেই প্রমাণিত হয় না যে তিনি অপরাধী। আদালতের রায়ের অপেক্ষা না করেই স্থানীয় সরকার মন্ত্রণালয় একের পর এক বিএনপি-সমর্থক মেয়রকে পদচ্যুত করেছে। এটি ওই এলাকার জনরায়কে অসম্মান করা বৈকি। ২০১৪ সালের পর স্থানীয় সরকার সংস্থার প্রতিটি নির্বাচনে যে ব্যাপক ভোট কারচুপি ও সহিংসতা হয়েছে, তাতে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষ অনেকটাই আস্থা হারিয়ে ফেলেছে।
আওয়ামী লীগের ইশতেহারেগণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ, অবাধ তথ্যপ্রবাহ অব্যাহত রাখা এবং পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছিল। কিন্তু গত তিন বছরে সরকারের বিভিন্ন আইনি ও আইনবহির্ভূত পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা আরও সংকুচিতই করেছে, সৃষ্টি হয়েছে ‘ভয়ের রাজত্ব’। আওয়ামী লীগ আগের মতোই রাজনৈতিক হিংসা, হানাহানি, সংঘাতের অবসান, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের ধারা থেকে বেরিয়ে আসা এবং একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা গড়ার কথা বললেও সরকারের আচরণ ও পদক্ষেপে তার প্রতিফলন নেই।
বিচারবর্হিভূত হত্যা শূন্যে নামিয়ে আনার যে অঙ্গীকার আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে করেছিল, তা তারা সম্পূর্ণ ভুলে গেছে। গুম, বিচারবহির্ভূত হত্যা এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলা চলছে নিয়ন্ত্রণহীনভাবে। এ বিষয়ে মানবাধিকার সংগঠন ও নাগরিক গোষ্ঠীগুলোর উদ্বেগ-উৎকণ্ঠা আমলেই নেওয়া হচ্ছে না। উপরন্তু এসব নাগরিক গোষ্ঠীর ওপর নেমে এসেছে নিয়ন্ত্রণের খড়্গ, যা সুশাসনের ধারণার পরিপন্থী।
আওয়ামী লীগ নেতারা বলে থাকেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরের সহিংসতা কিংবা ২০১৫ সালের প্রথম তিন মাসের হরতাল-অবরোধের নামে বিএনপি আগুন-সন্ত্রাস চালিয়েছে। কিন্তু গত পৌনে দুই বছরে দলটি কোনো ধ্বংসাত্মক কর্মসূচি না নেওয়া সত্ত্বেও সরকার তাদের সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এর মাধ্যমে সরকার ফের বিএনপিকে তাদের ভাষায় ধ্বংসাত্মক পথেই ঠেলে দিচ্ছে কি না সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে।
আওয়ামী লীগ তাদের ইশতেহারে ‘যেকোনো মূল্যে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল’ করার ঘোষণা দিয়েছিল। এমনকি তারা সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা এবং একটি বিজ্ঞানমনস্ক উদার গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার কথাও বলেছে। চলতি বছরের স্কুল পাঠ্যবইয়ের অদলবদল প্রমাণ করে না যে তারা সত্যি সত্যি একটি বিজ্ঞানমনস্ক সমাজ চায়। বরং এ থেকে একদা ‘শত্রু’ ঘোষিত হেফাজতের দাবিনামা পূরণের আভাসই পাওয়া যাচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ থাকলেও সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা যে মোটেই পিছিয়ে নেই, নাসিরনগরের ঘটনাই তার প্রমাণ।
তবে এসব হতাশার মাঝেও যে দুটি বিষয়ে জনমনে ক্ষীণ আশার আলো জাগিয়েছে তা হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন এবং নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা। নারায়ণগঞ্জ প্রমাণ করেছে সরকার চাইলে সুষ্ঠু×ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি যেসব প্রস্তাব দিয়েছে, তাতে মৌলিক ফারাক নেই।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে আওয়ামী লীগ কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু সংলাপে তাদের অবস্থানটি ততটা পরিষ্কার নয়। তারপরও বলব, আওয়ামী লীগ নেতাদের এই নমনীয় মনোভাব কাজে দেখা গেলে নির্বাচন কমিশন গঠন নিয়ে একটি সুসংবাদ মিললেও মিলতে পারে। না হলে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ভবিষ্যতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে।