কথা বলব না: মায়া

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘প্রথম আলোতে কী লিখছে সেইটা নিয়ে আমি কথা বলব না। কোর্টের রায় হাতে এলেই এ বিষয়ে কথা বলব।’
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন মায়া। আলোচনা সভা শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরে আজ প্রথম আলোতে ‘মায়া আর মন্ত্রী নন! ’ প্রকাশিত সংবাদের বিষয়ে তাঁর মন্তব্য জানতে চান। এই সময় মায়া এমন কথা বলেন।
মায়া যখন সভাস্থলের বাইরে চলে যাচ্ছিলেন তখন একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন কেন তিনি এ বিষয়ে কথা বলবেন না। তখন মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘হাইকমান্ডের নির্দেশে।’ তবে সঙ্গে সঙ্গে আবার মায়া বলেন, ‘হাই কমান্ড-টাই কমান্ড না, আমি এ বিষয়ে কথা বলব না।’ সবাইকে পাশ কাটিয়ে দ্রুত তিনি সভা এলাকা ত্যাগ করেন।
এর আগে আলোচনা সভায় দেওয়া বক্তৃতায় মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সময় থেকে তিনি আওয়ামী লীগ করেন। এরপর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাঁর পায়ে হাত দিয়ে নতুন করে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করতে পেরে নিজেকে তিনি ধন্য মনে করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা জীবন দিতে জানে, কখনো পিছপা হয় না।’
তবে আলোচনা সভায় যোগ দেওয়া মোফাজ্জল হোসেন চৌধুরীর একজন ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, ‘মায়া সাহেবের মামলাটি আদালতে বিচারাধীন। আইনি বিষয় দেখবেন আইনজীবীরা। মায়া সাহেব এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি ক্ষোভের সঙ্গে এ প্রতিবেদককে বলেন, ‘মায়া সাহেব মনে করেন-পত্রিকায় লিখলে কারও মন্ত্রিত্ব যায় না।’