কথায় কথায় বহিষ্কারের কথা বলবেন না: সুরঞ্জিত
পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের হুমকি দেওয়ার সমালোচনা করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের বলি, কথায় কথায় বহিষ্কারের কথা বলবেন না।’
গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ করে বলেন, ‘আস্তে, আরে বাবা একটু সময় দিবেন তো, আমরা তো আগেও এ ধরনের নির্বাচন করছি। আস্তে আস্তে নিজেরাও বুঝবে, বোঝানোর জন্য দল পাঠাতে হবে। আমার ধারণা, এটা অনেক কমে যাবে।’ আসন্ন পৌরসভা নির্বাচন দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘জামায়াত নেতা মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধ স্বীকার করেছেন। আমরা মনে করলাম, বিএনপি এ থেকে শিক্ষা নেবে। কিন্তু এবারও পৌর নির্বাচনে যে জামায়াতের নিবন্ধন নেই, তাদের ২৯ প্রার্থীকে তারা (বিএনপি) মনোনয়ন দিচ্ছে। অর্থাৎ তাদের জোট তারা বহাল রাখছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রমুখ।