কফিনে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর কফিন গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান l ছবি: প্রথম আলো
বিএনপি নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর কফিন গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান l ছবি: প্রথম আলো

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ আসর বাংলাদেশ লেদার টেকনোলজি কলেজ মাঠে তৃতীয় জানাজার পর তাঁকে আজিমপুর কবরস্থানে বাবার কবরে দাফন করা হয়।
এর আগে বেলা সকাল পৌনে ১১টায় নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মরদেহ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা হয়। আগের দিন রোববার রাতে রাজশাহী মাদ্রাসা মাঠে প্রথম জানাজা হয়। এসব জানাজায় বিএনপিসহ ২০-দলীয় জোটের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
সকালে পিন্টুর মরদেহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে কফিনে তিনি পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। এরপর খালেদা নিজ হাতে দলীয় পতাকা দিয়ে পিন্টুর কফিন ঢেকে দেন। এ সময় তাঁকে রুমালে চোখ মুছতে দেখা যায়। খালেদা জিয়া চলে যাওয়ার পর জানাজা হয়। এরপর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন কফিনে পুষ্পস্তবক দেয়। এ সময় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
বিএনপি ও ২০-দলীয় জোট নেতাদের মধ্যে জানাজায় মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, আবদুল্লাহ আল নোমান, আহমেদ আজম খান, মোহাম্মদ শাহজাহান, ফজুলল হক, আসাদুজ্জামান, খায়রুল কবীর, নাজিম উদ্দিন আলম, হাবিব-উন-নবী, মুস্তাফিজুর রহমান, জামায়াতের মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা ও শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মাহমুদুল হক, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী প্রমুখ অংশ নেন।
জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘এই মৃত্যু আমাদের কাছে অপ্রত্যাশিত। পিন্টু কেবল একজন উদীয়মান নেতাই ছিলেন না, তিনি দলের একজন সক্রিয় সংগঠকও ছিলেন। তাঁর এই অকাল চলে যাওয়া আমাদের জন্য মর্মান্তিক ও শোকের।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাংবাদিকের বলেন, সিটি নির্বাচনের ঠিক দুই দিন আগে পিন্টুকে ঢাকা থেকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। কারাগারে তাঁর যে মৃত্যু হয়েছে, তা অস্বাভাবিক। এর তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, ‘এ সরকারের সময়ে আমাদের অনেক নেতা-কর্মী গুম-খুন হয়েছেন। পিন্টু হয়তো খুন হয়েছেন।’
রাজশাহী কারাগারে গত রোববার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু। চিকিৎসকেরা জানান, পিন্টুকে তাঁরা মৃত অবস্থায় পেয়েছেন। পিন্টুর পরিবার এ মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে সকালে বিএনপি কার্যালয়ে কালো পতাকা তোলা হয়। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন।