কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার চার বছর পর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি৷ কিন্তু কবে নাগাদ নতুন কমিটি গঠন করা হবে, তা সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়নি৷ ৭ নভেম্বর সম্মেলন হওয়ার কথা ছিল।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে কেন্দ্রীয় ও সাবেক নেতাদের পেছনে দৌড়ঝাঁপ শুরু করেছেন ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ তাঁদের মধ্যে চার থেকে পাঁচজনের বিরুদ্ধে পুরান ঢাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷
জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান গত সোমবার প্রথম আলোকে বলেন, বিশেষ কারণে ওই দিন সম্মেলন হয়নি৷ ওই কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে৷ এখন যাচাই-বাছাই চলছে৷ বিতর্কিত, মাদকসেবী, অছাত্র, বিবাহিত, চাঁদাবাজদের নতুন কমিটিতে কোনো স্থান হবে না৷
২০১২ সালের ৪ অক্টোবর মামুনুর রশীদকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়৷ এই কমিটির মেয়াদ ছিল এক বছর৷ এর চার বছর পর ৭ নভেম্বর এই কমিটি বিলুপ্ত করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ৷
কলেজ শাখা ছাত্রলীগ সূত্র জানায়, ওই কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটি নানা কারণে বিতর্কিত ছিল৷ এর মধ্যে রয়েছে কলেজের এইচএসসি, ডিগ্রি, স্নাতক, স্নাতকোত্তরে ভর্তি-বাণিজ্য, কলেজের ছাত্র সংসদের ভেতর মাদক বিক্রি, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকার বাসস্ট্যান্ডে চাঁদাবাজি৷ গত ২১ অক্টোবর ছাত্রনেতাদের মধ্যে অবৈধ অস্ত্র, ইয়াবাসহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদকে গ্রেপ্তার করে পুলিশ৷ এর কয়েক দিন পর তাঁকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি৷ বর্তমানে তিনি কারাগারে। এর আগে গত ফেব্রুয়ারিতে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হন৷
নাম প্রকাশে অনিচ্ছুক কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আগের কমিটির নেতা-কর্মীরা বলেন, এর আগেও মামুনুর রশীদ এবং তাঁর পক্ষের কয়েকজন নেতা মাদকসহ পুলিশের কাছে ধরা পড়েছিলেন৷ তাঁরাই এ এলাকায় মাদক বিক্রির অন্যতম হোতা৷
তবে কলেজে ভর্তি-বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন রাকিব হাসান৷ তিনি বলেন, তাঁর সময়ে সবচেয়ে বড় সমস্যা ছিল কলেজে অবাধে মাদক সেবন ও ব্যবসা৷ এতে কলেজের নেতা-কর্মীরাই জড়িত ছিলেন৷