কমরেড ফরহাদ ছিলেন বাস্তববাদী নেতা

এক স্মরণসভায় আলোচকেরা বলেছেন, বিপ্লবের স্বপ্ন দেখলেও কমরেড মোহাম্মদ ফরহাদ ছিলেন বাস্তববাদী নেতা। তিনি কমিউনিস্ট পার্টিকে গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত করতে চেয়েছিলেন। দেশের বাম গণতান্ত্রিক বলয় শক্তিশালী করার কারিগর ছিলেন তিনি। এখন বাম রাজনীতিতে যে অনৈক্য, কমরেড ফরহাদ থাকলে হয়তো এ অবস্থা হতো না।
আজ শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। মণিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট রাজধানীর মুনীর-আজাদ সভাকক্ষে ওই আলোচনার আয়োজন করে।
মণিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত বলেন, ৬২, ৬৪, ৬৬, ৬৯,৭১-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব আন্দোলনে মোহাম্মদ ফরহাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জাতীয় রাজনীতিতে তাঁর রাজনৈতিক জীবন খুব বড় না হলেও তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ট্রাস্টের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেলিন বলেন, কমরেড ফরহাদ বিপ্লবের স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আবার একই সঙ্গে সমকালীন রাজনীতিতে বাস্তববাদী হিসেবে সাড়া দিয়েছেন। তিনি ছিলেন কমিউনিস্ট আন্দোলনের নিপুণ কারিগর। তাঁর হাত ধরে ৬০-এর দশকে একটি বিশাল বাহিনী গড়ে উঠেছিল। কমিউনিস্ট পার্টিকে তিনি গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত করতে চেয়েছিলেন। শেষ বিচারে তিনি ছিলেন জাতীয় নেতা। আওয়ামী লীগের বাইরে তাঁর সঙ্গে তুলনীয় তেমন কেউ নেই। তাঁর জীবনী এবং লেখা নিয়ে পুস্তক প্রকাশের উদ্যোগ নিতে তিনি ট্রাস্টের প্রতি আহ্বান জানান। ফরহাদের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিল ৩৫-৪০ জনের মতো। এত কম উপস্থিতির কারণে হতাশা ব্যক্ত করেন লেলিন।
মোহাম্মদ ফরহাদের স্ত্রী রিনা খান নতুন প্রজন্মকে ফরহাদের অবদান সম্পর্কে জানাতে উদ্যোগ নেওয়ার জন্য ট্রাস্টের প্রতি আহ্বান জানান।
অন্যদের মধ্যে ট্রাস্টের সদস্য ওয়াজেদ আলী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংবাদিক অজয় দাশ গুপ্ত প্রমুখ বক্তব্য দেন।