কমরেড ফরহাদের দীক্ষা নিয়ে এগোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটের দশকের তারুণ্যকে জাগিয়ে তুলতে কমরেড ফরহাদ অনন্য ভূমিকা রেখেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আশির দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আজকের বাংলাদেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে কমরেড ফরহাদের শিক্ষাকে ধরে তরুণদের এগিয়ে যেতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তি ভবনে অনুষ্ঠিত মোহাম্মদ ফরহাদের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত ওই সভায় বক্তারা আওয়ামী লীগ ও বিএনপি—এই দুই ধারাকে লুটেরা-বুর্জোয়া শ্রেণির দল হিসেবে চিহ্নিত করে এর বাইরে বাম বলয় গড়ে তোলার আহ্বান জানান।
সভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম মোহাম্মদ ফরহাদের সঙ্গে পরিচয়ের স্মৃতি তুলে ধরতে গিয়ে বলেন, ‘১৯৬৪ সালে তৎকালীন নিষিদ্ধঘোষিত কমিউনিস্ট পার্টির একটি গোপন বৈঠক বসেছিল মতিউর রহমানের বাসায়। সেখানে মতিউর রহমান (বর্তমানে প্রথম আলোর সম্পাদক) আমাকে কমরেড ফরহাদকে ছদ্মনাম “কবীর” হিসেবে পরিচয় করিয়ে দেন। ওই পরিচয় শেষ পর্যন্ত অটুট থেকেছে।’
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় যেতে চায়। তারই অংশ হিসেবে বাংলাদেশে জঙ্গিবাদের জন্ম হচ্ছে কি না তা ভেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীরা শক্তিশালী হলে বিজেপির নির্বাচনে জেতা অনেক সহজ হয়।
সিপিবির নেতা শামসুজ্জামান সেলিম বলেন, ষাটের দশকের তরুণদের যেমন করে কমরেড ফরহাদ জাগিয়ে তুলেছিলেন, তেমনি আজকের বাংলাদেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে তরুণদের ফরহাদের আদর্শে দীক্ষা নিতে হবে। সিপিবির নেতা সাজ্জাদ জহীর চন্দনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান, সিপিবির ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাজেদুল হক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আখতার।
মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের ধানহাটিতে সিপিবি এক স্মরণসভার আয়োজন করে।