কমলগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আ.লীগ নেতাসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী থেকে বালু তোলার জন্য জমিতে পাইপ স্থাপন নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের এক নেতাসহ দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে আওয়ামী লীগের নেতার সমর্থকেরা প্রতিপক্ষের লোকজনের তিনটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুনেল আহমদ তরফদার (৪৫) ও ধর্মপুর গ্রামের বাসিন্দা মাসুক মিয়া (৪৮)।
ধর্মপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, কয়েক দিন আগে আওয়ামী লীগের নেতা জুনেল আহমদ তরফদারের লোকজন ধলাই নদ থেকে বালু তোলার জন্য ধর্মপুর গ্রামের মাসুক মিয়ার ধানি জমির ওপর পাইপ স্থাপন করেন। কিন্তু পাইপ স্থাপনের শুরুতেই মাসুক মিয়া আপত্তি জানিয়েছিলেন। গতকাল সকাল ১০টায় বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জুনেল আহমদ ঘটনাস্থলে উপস্থিত হলে লোহার রডের আঘাতে গুরুতর আহত হন। তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সমর্থকেরা বেদম পিটুনি দিয়ে মাসুক মিয়াকে পুলিশে সোপর্দ করেছেন।
এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে চারটার দিকে জুনেল আহমদের সমর্থক আকলিছ মিয়া, মহসিন আহমদ, রাহাত মিয়া, সোহান মিয়া, মিজান মিয়া ও রুমেল মিয়ার নেতৃত্বে শতাধিক সমর্থক প্রতিপক্ষের মাসুক মিয়া, মখলিছ মিয়া ও বারিক মিয়ার বাড়িতে হামলা চালান। তাঁরা ঘরের আসবাব ভাঙচুর করেন।
মখলিছ মিয়ার স্ত্রী হালিমা আক্তার ও বারিক মিয়ার স্ত্রী সায়রা বেগম অভিযোগ করেন, হামলাকারীরা তাঁদের লাঞ্ছিত করেছেন। ঘটনার পর কমলগঞ্জ থানার চার পুলিশ সদস্যকে ধর্মপুর গ্রামে মোতায়েন করা হয়েছে।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মো. শাহীন বলেন, এখন মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেবে।