কমিটি অনুমোদনের আগেই বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন হওয়ার আগেই দলে বিরোধ-বিভক্তি বাড়ছে। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সহযোগিতা না করার অভিযোগ উঠেছে। তাঁদের কোনো অনুষ্ঠানে অতিথি করা হলেই তা পণ্ড করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, নয় বছর পর ৬ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে রাজশাহী জেলা আওয়ামী লীগের আগের কমিটির সাধারণ সম্পাদক সাংসদ ওমর ফারুক চৌধুরীকে সভাপতি এবং আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়নি। ইতিমধ্যে এ কমিটির বিরুদ্ধে চারজন সাংসদ সভানেত্রীকে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে জেলার ১৩টি সাংগঠনিক ইউনিটের মধ্যে মাত্র পাঁচটির কমিটি অনুমোদিত হয়েছে। বাকি আটটির মধ্যে পুঠিয়া, দুর্গাপুর, পবা ও মোহনপুর থানাকে সহযোগিতা না করার অভিযোগে ইতিমধ্যে চিঠি দিয়ে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। মে দিবস উপলক্ষে গত ২ মে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় জেলা শ্রমিক লীগের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতিকে প্রধান অতিথি করা হয়। কিন্তু চিঠিতে স্থানীয় (পবা-মোহনপুর) সাংসদ আয়েন উদ্দিনের নাম ছিল না। এর প্রতিবাদে তাঁর অনুসারী সিএনজি ও মিশুক শ্রমিক ইউনিয়ন পবা উপজেলার নওহাটা এলাকায় পাল্টা সমাবেশের আয়োজন করে। এতে আয়েন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। তবে শ্রমিক লীগের অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি যাননি। সাধারণ সম্পাদক প্রধান অতিথির বক্তব্য দেন।

গত ৩১ অক্টোবর জেলার মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের নতুন ভবন হস্তান্তর উপলক্ষে পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামানকে প্রধান অতিথি এবং সংরক্ষিত আসনের সাংসদ সাংসদ আখতার জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে বিশেষ অতিথি করে চিঠি দেওয়া হয়। অনুষ্ঠানে শুরুর ঠিক আগে সেখানে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। প্রায় ১০ হাজার মানুষের জন্য রান্না করা খাবার পুলিশের পাহারায় সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। তখন ওই এলাকার সাংসদ আয়েন উদ্দিন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের স্থানীয় কাউকে না নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

গত মঙ্গলবার জেলহত্যা দিবস উপলক্ষে জেলার পবা থানার কাটাখালী জুটমিল স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক কাউকেই অতিথি করা হয়নি। প্রধান অতিথি করা হয়েছিল এ এইচ এম খায়রুজ্জামানকে। তবে তিনি সেখানে যাননি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাংসদ আয়েন উদ্দিন। একই দিন পবা উপজেলার জয়নগর ইউনিয়নের হাটকানপাড়া মাঠে স্থানীয় আওয়ামী লীগ জেলহত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আসাদুজ্জামানকে প্রধান অতিথি করা হয়েছিল। কিন্তু একই জায়গায় জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী পাল্টা অনুষ্ঠানের ঘোষণা দেন। শেষ পর্যন্ত কোনো অনুষ্ঠান করতে দেয়নি প্রশাসন।

আসাদুজ্জামান গত বুধবার বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ওমর ফারুক চৌধুরীকে সভাপতি এবং তাঁকে সাধারণ সম্পাদক করেছেন। তাঁদের নেতৃত্বাধীন কমিটি যাতে মাঠে কাজ করতে না পারে—সে জন্য দুজন সাংসদ যেন চ্যালেঞ্জ নিয়েছেন। তাঁদের সংসদীয় এলাকা পুঠিয়া-দুর্গাপুর ও পবা-মোহনপুরের সাংগঠনিক বিষয়ে ১০টি চিঠি দেওয়া হয়েছে। সাংসদেরা কোনো সাড়া দেননি। কমিটি পূর্ণাঙ্গ করার জন্য তাঁদের পেছনে তিনি ছয় মাস ঘুরেছেন। পরে জেনেছেন, তাঁরা কমিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আমাদের মতো গুরুত্বপূর্ণ নেতাকে কমিটিতে রাখেননি—এটা আমরা সভানেত্রীকে জানিয়েছি। কোনো অভিযোগ দিইনি।’ সভা-সমাবেশে বাধা সৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। এ বিষয়ে আমরা কিছু্ই জানি না।’