কমিটি গঠন নিয়ে টাঙ্গাইল শহর বিএনপিতে কোন্দল
টাঙ্গাইল শহর বিএনপির ১৮টি ওয়ার্ডের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছেছে। নবগঠিত শহর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে এক পক্ষ অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাদেকুল আলমকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছে। অপর পক্ষ সাদেকুল আলমসহ দুজনকে শহর বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
শহর বিএনপির সূত্র জানায়, গত ৬ জানুয়ারি জাহাঙ্গীর হোসেনকে আহ্বায়ক ও শাহিন আকন্দকে সদস্যসচিব করে টাঙ্গাইল শহর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সাংসদ মাহমুদুল হাসানের অনুসারীদের এই কমিটিতে প্রাধান্য দেওয়া হয়। এ জন্য কমিটি ঘোষণার পর থেকেই মাহমুদুল হাসানের বিরোধীরা ওই কমিটি বাতিল করার জন্য নানা ধরনের তৎপরতা চালাতে থাকেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর শহর বিএনপির সদস্যসচিব শাহিন আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮টি ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে শহর বিএনপির একটি অংশ গত সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে শহর বিএনপির ১০৫ জন স্বাক্ষরিত লিখিত বক্তব্যে সম্মেলন না করে ১৮টি ওয়ার্ডে পকেট কমিটি গঠন করার অভিযোগ করা হয়। একই কারণে শহর বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্যসচিব শাহিন আকন্দকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সংবাদ সম্মেলনে শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাদেকুল আলমকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
এরপর গতকাল মঙ্গলবার শহর বিএনপির অপর অংশ টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্যে বলা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী ১৮টি ওয়ার্ডে পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে আগের দিন যাঁরা সংবাদ সম্মেলন করে দলীয় নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। জালিয়াতির মাধ্যমে তাঁরা শহর বিএনপির নেতাদের স্বাক্ষর নিয়েছেন। এ ঘটনার মধ্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সাদেকুল আলম ও শাহজাহান আলীকে শহর বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
শহর বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দলের ভেতরে থাকা কয়েকজন ভারসাম্যহীন আওয়ামী এজেন্ট সংগঠনবিরোধী কাজ করে যাচ্ছে।’
বিদ্রোহী অংশের নেতা শহর বিএনপির সাবেক সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন, সম্মেলন না করে ঘরে বসে পকেট কমিটি গঠন করায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।