কমিটি গঠন নিয়ে নেতাদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ পরিস্থিতিতে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ঢিমেতালে চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে হাবিবুর রহমানকে ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আবদুল আলীমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এরপর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
এদিকে ৬ নভেম্বর ৬৭ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটির তালিকা দলের জেলা সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস সালামের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। এ বিষয়ে তালিকায় নাম না থাকা এবং থাকলেও কাঙ্ক্ষিত পদে না থাকা নেতা-কর্মীরা দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সিংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ, সাবেক সদস্য রবীন্দ্রনাথ দত্ত, পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ ২৯ জন নেতা-কর্মীর স্বাক্ষর রয়েছে।
আজিম বাবু ও আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, উপজেলা আওয়ামী লীগের পদ কেনাবেচা হচ্ছে। দলের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এমন অযোগ্য লোকদের দিয়ে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করার ষড়যন্ত্র করছেন কমিটির সভাপতি। এভাবে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা পদবঞ্চিত হলে দলের সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদেরই প্রস্তাবিত কমিটির তালিকায় রাখা হয়েছে। কমিটিতে পদ স্বল্প, কিন্তু নেতা বেশি। এ কারণে সবার মন রক্ষা করা সম্ভব নয়। তবে ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ অভিযোগ করতে পারেন। কারও কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেওয়ার প্রশ্নই ওঠে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন বলেন, এখন ওই উপজেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এতে কারও ক্ষুব্ধ বা উৎফুল্ল হওয়ারও কোনো কারণ নেই। উপজেলার বর্তমান ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতেই যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে।