কমিটি গঠনে স্বজনপ্রীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে স্বজনপ্রীতি করে মেয়ে ও বোন এবং রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ওই কমিটি গঠন করা হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে শুরু থেকেই সভাপতি মিনারা আলম ও সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানমের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। সম্মেলনের দিন সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই ১৯ বছর পর গঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে বহাল রেখেই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাফিয়া খাতুন।

মহিলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নবঘোষিত কমিটিতে সহসভাপতি রেহেনা বেগম, সাদেকা বেগম, আসমা বেগম, শামীমা মুজিব, নিলুফা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলেয়া চৌধুরী, মারহুমা আক্তার, রুমানুল ফেরদৌসী, সাংগঠনিক সম্পাদক ফারহানা মিলি, নাসরিন হালদার, আফরিন খন্দকার, আকলিমা রহমান, মোফেজা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোছা. নাজমুন্নাহার, কৃষি ও সমবায় সম্পাদক মিলি ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নাসিমা কাইয়ুম, তথ্য ও গবেষণা সম্পাদক ফারজানা আক্তার, অর্থ সম্পাদক আনার কলি ও মুফেজা বেগম, ধর্মবিষয়ক সম্পাদক শিল্পী আক্তার।

জানা গেছে, কমিটির সভাপতির মেয়ে আকলিমা রহমানকে সাংগঠনিক সম্পাদক ও বোন নাসিমা কাইয়ুমকে শ্রমবিষয়ক সম্পাদক করা হয়েছে। নিলুফা ইয়াসমিনকে
সহসভাপতি ও তাঁর মেয়ে মারহুমা আক্তারকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটিতে সহসভাপতির পদ পাওয়া সাদেকা বেগম একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম অভিযোগ করেন, রাজনৈতিক মিছিল-মিটিং, আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেত্রীদের বাদ দিয়ে বিতর্কিতদের নিয়ে এ কমিটি করা হয়েছে। নিজের মেয়ে-বোনকে দিয়ে কমিটি বানানো হয়েছে, যাঁদের কখনোই রাজনীতির মাঠে দেখা যায়নি। তিনি আরও বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়ে গঠিত একতরফা এই সম্মেলন ও কমিটি আমরা মানি না।’

কমিটি গঠনে স্বজনপ্রীতি করার এবং বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে রাখার অভিযোগ অস্বীকার করে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম বলেন, ‘আমার বোন নাসিমা কাইয়ুম ও মেয়ে আকলিমা রহমান ১৯ বছর আগের কমিটিতে সদস্য হিসেবে ছিল। আগের কমিটিতে থাকা আমার আরেক বোন লাভলী ইয়াসমিন ও ননদ নাজমা বেগমকে বর্তমান কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেত্রীরা পুরোনো কমিটি দেখেই এই কমিটি গঠন করেছেন।’ তিনি দাবি করেন, ‘১৯ বছর ধরে দলের মিটিংয়ে আমি খরচ করেছি। দলের অন্য কেউ বলতে পারবে না দলের জন্য এক টাকাও খরচ করেছে।’