কমিটি ঘোষণা ছাড়াই আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের চারটি উপজেলায় ঘটা করে আওয়ামী লীগের সম্মেলন হলেও সভাপতি-সাধারণ সম্পাদক পদ নিয়ে নেতাদের মধ্যে ‘সমঝোতা’ না হওয়ায় দুটি উপজেলায় কমিটি হয়নি। বাকি দুটি উপজেলার মধ্যে একটিতে শুধু সভাপতি এবং অন্যটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
ডিসেম্বরে সংগঠনের জেলা সম্মেলন সামনে রেখে ১১টি উপজেলাতেই সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সম্মেলন হয়েছে চারটিতে। প্রতিটি সম্মেলনেই দলের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। বিকেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় শুরু হয় কাউন্সিল অধিবেশন। রাত ১০টা পর্যন্ত অধিবেশন চললেও কোনো কমিটি করা যায়নি। এই উপজেলায় দলের সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে নয়জন প্রার্থী থাকায় নেতারা তাঁদের সমঝোতার জন্য সময় দেন। কিন্তু পদপ্রত্যাশীরা সমঝোতায় পৌঁছাতে পারেননি। তাই কমিটি হয়নি।
গত রোববার সম্মেলন হয় বিশ্বম্ভরপুর উপজেলায়। এখানেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কোনো সমঝোতা হয়নি। যে কারণে কমিটি ঘোষণা করা যায়নি।
এর আগে ৮ নভেম্বর জামালগঞ্জ উপজেলায় সম্মেলন হয়। সেখানে সম্মেলন শুরুর আগে মঞ্চে দলের দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে রাতে জেলা কমিটির পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে এম নবী হোসেনের নাম ঘোষণা করা হয়। এরপর ১০ নভেম্বর সম্মেলন হয় ধরমপাশা উপজেলায়। এখানে শুধু সভাপতি হিসেবে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এই পদেও কারও নাম ঘোষণা করা যায়নি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা জানান, চারটি উপজেলায় নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন হয়েছে। কমিটি গঠন নিয়ে কোনো বিরোধ নেই। উপজেলার নেতারা জেলার নেতাদের দায়িত্ব দিয়েছেন। জেলায় এ নিয়ে আলোচনা চলছে। এক সপ্তাহের মধ্যে এই চার উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান বলেন, ‘বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আমরা তাঁদের সমঝোতার জন্য সময় দিয়েছিলাম। কিন্তু তাঁরা সেটি করতে না পেরে জেলা কমিটির ওপর দায়িত্ব দিয়েছেন।
আমরা শিগগিরই এই দুই উপজেলায় কমিটি ঘোষণা করব। এর বাইরে অন্য দুই উপজেলা থেকে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবনা এলে সেটি অনুমোদন দেওয়া হবে।’