মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। দলের দুই পক্ষের প্রকাশ্যে দ্বন্দ্ব ও উত্তেজনার মধ্য দিয়ে কোনো কমিটি ঘোষণা ছাড়াই কাউন্সিল শেষ হয়েছে।
কাউন্সিলে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী আশরাফুন্নেছা মোশারফ, সাধারণ সম্পাদক পিনু খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম ও জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বনশ্রী বিশ্বাস তৃপ্তি।
কাউন্সিল সামনে রেখে দ্বিধাবিভক্ত দুই পক্ষ প্রকাশ্যে দ্বন্দ্ব ও বাগ্যুদ্ধে জড়িয়ে পড়ে। জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাদের ছাড়াই পৃথকভাবে উপজেলা ও পৌর কাউন্সিল করে কমিটি গঠন করে। এতে জেলায় তিন উপজেলা ও এক পৌরসভা—এই চার ইউনিটে আটটি কমিটি গঠিত হয়। দুই পক্ষের একাংশের নেতৃত্ব দেন জেলা সভানেত্রী শামিম আরা। অন্য অংশের নেতৃত্বে দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমীন।
গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নূরজাহান বেগম বলেন, নিজেদের আধিপত্য ও দ্বন্দ্বের কারণে দুই পক্ষ দুই জায়গায় সম্মেলন করার প্রস্তুতি নেয়। সভানেত্রী পক্ষ মেহেরপুর পৌর কমিউনিটি হলে সম্মেলন করতে তোরণ নির্মাণ ও মাইকে প্রচার করে। অন্যদিকে পিনু খান পক্ষ জেলা শিল্পকলা একাডেমীতে সম্মেলন করার প্রস্তুতি নেয়। আগের দিন সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা উভয় পক্ষকে নিয়ে সার্কিট হাউসে সমঝোতা বৈঠকে বসেন। মধ্যরাত পর্যন্ত চলা ওই বৈঠক শেষে শিল্পকলা একাডেমীতে কাউন্সিল করার সিদ্ধান্ত হয়। গতকাল ওই সম্মেলনে দুই পেক্ষ তুমুল হট্টগোল হয়। এর মধ্য দিয়ে কমিটি ছাড়াই কাউন্সিল শেষ হয়।
মাহমুদা বেগম বলেন, দুই পক্ষ দুটি কাউন্সিলের তালিকা দিয়েছে। তাই কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি।