কমিটি ঘোষণা ছাড়াই মঞ্চ ছাড়লেন নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর পর চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। তবে কাউন্সিল অধিবেশনে দুই পক্ষের উত্তেজনার ফলে কেন্দ্রীয় নেতারা আধঘণ্টা পর কমিটি ঘোষণা দেওয়ার কথা বলে মঞ্চ ছাড়েন। পরে আর তাঁরা ফেরেননি।

জানতে চাইলে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তছিরুল আলম মালিক প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় নেতারা পরে হুইপ সোলায়মানের বাসভবনে দেখা করে ঢাকার পথে রওনা হয়েছেন। যেহেতু কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসেননি, তাই তাঁর সঙ্গে পরামর্শ করে কমিটি গঠন করা হবে বলে নেতারা বলে গেছেন।

জেলা শিল্পকলা একাডেমি চত্বরের মুক্তমঞ্চে দুপুর ১২টায় জেলা কৃষক লীগের বিদায়ী কমিটির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোহা. মোতাহার হোসেন মোল্লা। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি শরীফ আশরাফ আলী প্রমুখ।

স্লোগান আর উত্তেজনা

কৃষক লীগ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা ও যুব মহিলা লীগের নেতা-কর্মীরা শিল্পকলা একাডেমি চত্বরে জড়ো হন। তাঁদের কেউ সোলায়মান হকের, কেউ আলী আজগারের অনুসারী। সকাল থেকে সম্মেলন শেষ হওয়া পর্যন্ত দফায় দফায় তাঁরা দুই নেতার পক্ষে মুহুর্মুহু স্লোগান দেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ ক্ষোভের সঙ্গে বলেন, সত্যি কথা হচ্ছে চুয়াডাঙ্গায় কৃষক লীগ নেই। নামে অনেকেই নেতা থাকলেও রাজনীতির মাঠে দেখা মেলে না। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শুধু সম্মেলন আর প্রস্তুতিসভার সময় মফস্বলে আসেন। অথচ তোফায়েল আহমেদ ও বঙ্গবন্ধুর চার খলিফা দিনের পর দিন আমার বাড়ির বৈঠকখানায় কাটিয়েছেন। সংগঠনকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতাদের মফস্বলমুখী হতে হবে।’

দলীয় প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে হুইপ বলেন, যাঁরা চুয়াডাঙ্গায় বিভিন্ন নির্বাচনে নেত্রীর প্রার্থীকে হারিয়ে দিয়েছেন, তাঁরাই মাইকে বলেছেন, ‘নেত্রী এগিয়ে চলো।’ এখানেও দলের ভেতরে ‘কাউয়া’ ঢুকেছে।

কথা রাখলেন না কেন্দ্রীয় নেতারা

বেলা আড়াইটায় মোহা. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনের শুরুতেই জেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর যুগ্ম সম্পাদক সমীর চন্দ কাউন্সিলরদের কাছ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদের জন্য নাম আহ্বান করেন। হুইপের অনুসারীদের পক্ষে বিদায়ী সভাপতি আজিজুল হককে সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রশিদকে সাধারণ সম্পাদক করার নাম আসে। আলী আজগারের অনুসারীরা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে সভাপতি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবীরকে সাধারণ সম্পাদক হিসেবে নাম প্রস্তাব করেন।

নাম প্রস্তাবের সময় উভয় পক্ষ একে অন্যকে কটূক্তি করলে উত্তেজনা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতারা আধঘণ্টা পর কমিটি ঘোষণা দেওয়ার কথা বলে মঞ্চ ছাড়েন। তাঁরা সার্কিট হাউসে চলে যান। কিন্তু বিকেল চারটা পেরোলেও ফেরেননি। ফলে একে একে সবাই সম্মেলনস্থান ছেড়ে চলে যান।