নাটোর জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা না করেই গতকাল বুধবার কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফিরে গেছেন। ৫ জানুয়ারি কমিটি ঘোষণা করা হবে বলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন।
বেলা ১১টায় শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাকিবের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। বিকেলে নাটোর সার্কিট হাউসে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কেন্দ্রীয় নেতারা সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন কমিটি গঠনের চেষ্টা করেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায় তাঁরা রাতে ঢাকা ফিরে যান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস, নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান।
বিদায়ী কমিটির এক নেতা অভিযোগ করেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২০ জনের বেশি প্রার্থী থাকলেও ভোটাভুটি করে নেতা নির্বাচন করা হয়নি।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, সমঝোতা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। তা ছাড়া স্থানীয় চার সাংসদ ও সাবেক নেতাদের মতামত নিয়ে কমিটি গঠন করা হবে।