কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে দল থেকে সরে দাঁড়ালেন নোয়াখালী জেলা বিএনপির প্রচার সম্পাদক। তাঁর নাম মো. কামরুজ্জামান হাফিজ। দলের চেয়ারপারসন ও মহাসচিব বরাবর ডাকযোগে ২৫ এপ্রিল পাঠানো চিঠিতে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
২৩ এপ্রিল কেন্দ্র থেকে নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রচার সম্পাদকের পদ দেওয়া হয় হাফিজকে। এর দুদিন পরই তিনি এই পদ থেকে পদত্যাগ এবং দল থেকে সরে দাঁড়ানোর চিঠি পাঠান। চিঠিতে দল ছাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, কেন্দ্রের সিদ্ধান্ত তাঁকে অসম্মানিত করেছে।
গত বছরের ৩০ ডিসেম্বর নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায়। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে ১১ সদস্যবিশিষ্ট নোয়াখালী জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর আড়াই মাস পর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি পদে রদবদল করে ২৩ এপ্রিল পুনরায় কেন্দ্র থেকে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিকে করা হয় সাধারণ সম্পাদক। আর সাধারণ সম্পাদককে দেওয়া হয় সাধারণ সদস্যপদ। এ ছাড়া বিদায়ী কমিটির সাধারণ সম্পাদককে কোনো পদেই রাখা হয়নি।
নতুন কমিটিতে সভাপতি করা হয় এ জেড এম গোলাম হায়দারকে। তিনি জেলার কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি। সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয় আবদুর রহমানকে। তিনি গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত কমিটির (আংশিক) সভাপতি ছিলেন। তাঁর সঙ্গে তখন সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয় মাহবুব আলমগীরকে। এবার তাঁকে জেলা কমিটির সদস্য করা হয়েছে।
দল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে কামরুজ্জামান হাফিজ গতকাল প্রথম আলোকে বলেন, তাঁকে সাংগঠনিক সম্পাদক থেকে সরিয়ে প্রচার সম্পাদক করা হয়েছে। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত সিদ্ধান্ত। তাঁর জন্যও বিষয়টি অসম্মানের ও লজ্জাজনক। তাই বাধ্য হয়ে প্রচার সম্পাদকের পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছেন তিনি।
প্রচার সম্পাদক কামরুজ্জামান হাফিজের পদত্যাগপত্রের অনুলিপি পেয়েছেন বলে প্রথম আলোকে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন, জেলা বিএনপির পরবর্তী বৈঠকে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
এদিকে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এ জেড এম গোলাম হায়দারসহ নতুন কমিটির নেতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ঢাকা থেকে নোয়াখালী প্রবেশের সময় সোনাইমুড়ী চাষিরহাটে দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর মোটর শোভাযাত্রা সহকারে তাঁরা নোয়াখালী শহরের দিকে রওনা হন। পথে চৌমুহনী চৌরাস্তা ও একলাশপুরে পথসভা হয়। সর্বশেষ বেলা দুইটায় নোয়াখালী শহরের মফিজ প্লাজার সামনে সংবর্ধনা দেওয়া হয়।
সভায় জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার, সহসভাপতি আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের প্রমুখ বক্তব্য দেন।
পরে সভাপতি গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আবদুর রহমান শহরের ফকিরপুরের বাসভবনে গিয়ে দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সঙ্গে দেখা করেন।