কমিটি ঘোষণার পর আশুগঞ্জে বিএনপির দুই পক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কার্যকরী কমিটি নিয়ে এর সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। নতুন কমিটি বাতিলের দাবিতে এক পক্ষ গত ছয় দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। কমিটি ঘোষণার পর থেকে তাঁরা দলীয় কার্যালয় নিয়ন্ত্রণে রেখেছে।
কমিটিবিরোধী পক্ষটি দাবি আদায় না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেয়। আর অপর পক্ষ অবরোধ প্রতিরোধ এবং নতুন দলীয় কার্যালয় তৈরি করার ঘোষণা দিয়েছে।
উপজেলা বিএনপির বিবদমান দুটি পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন নতুন কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ ও বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।
কমিটি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার সকালে শহরের পূর্ব বাজারের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ এবং শহরে বিক্ষোভ করে জহিরুল-জাকির পক্ষ। তাদের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নতুন কমিটি বাতিল না করায় পক্ষটি এ কর্মসূচি পালন করে। পক্ষটি নিয়মিত আন্দোলনের পাশাপাশি আগামী ২২ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে।
সরেজমিনে গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিএনপির কার্যালয়ে জহিরুল-জাকির পক্ষের নেতা-কর্মীদের দেখা গেছে। স্থানীয় কয়েকজন জানান, গত কয়েক দিন নতুন কমিটির সমর্থকপক্ষ কার্যালয়ে আসেননি।
কমিটিবিরোধী নেতা জহিরুল ইসলাম বলেন, ‘এই কমিটি আশুগঞ্জ বিএনপি মানে না। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এ কমিটি বাতিল করা হয়নি। তাই আমরা কঠিন কর্মসূচি নেব। বিশেষ করে ২২ ডিসেম্বর তারা বুঝবে, কত ধানে কত চাল। ওই দিন মহাসড়ক অবরোধ করা হবে।’
এই ঘোষণা আসার পর নবগঠিত কমিটি পক্ষের নেতা-কর্মীরা প্রতিপক্ষকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বৃহস্পতিবার বলেন, ‘এই কয় দিন নীরব থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছি। কিছু বলিনি। আর না। প্রতিপক্ষের অনৈতিক চাওয়া রুখে দিতে ১২ নভেম্বর থেকে আমরাও মাঠে আছি।’
আবু আসিফ আহমেদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘২৫ বছর ধরে আশুঞ্জ উপজেলা বিএনপির কোনো কার্যালয় নেই। যেখানে এত দিন কার্যক্রম চলত সেটি জহিরুলের ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়। আমরা উপজেলা বিএনপির কার্যালয় তৈরি করব।’
গত রোববার রাতে আবু আসিফ আহমেদকে সভাপতি এবং নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির ছয় সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করে জেলা কমিটি। জেলা কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়। কিন্তু গঠনতন্ত্র মেনে এ কমিটি না করার অভিযোগ এনে এর বিপক্ষে অবস্থান নেয় জহিরুল-জাকির পক্ষ। কমিটি ঘোষণার এক দিনের মধ্যে নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সাদেকুর রহমান, সহসভাপতি জাকির হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ পদত্যাগ করেন।
জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, আশুগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনার পথ খোঁজা হচ্ছে। শিগগিরই সমস্যার একটি সমাধান হবে বলে আশা করা হচ্ছে।