আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা বিএনপি দুটি ভাগে ভাগ হয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। সর্বশেষ ১০ জুলাই জেলা কমিটি হওয়ার পর থেকে এ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। সরকারবিরোধী ও জনদুর্ভোগ নিয়ে দলটির দৃশ্যমান কোনো কর্মসূচি নেই।
বর্তমানে জেলা বিএনপির একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তাঁর সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি রোকন উদ্দিন চৌধুরীসহ কয়েকজন নেতা। অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন দলটির দ্বিতীয় সহসভাপতি এম এ খালেক। এ পক্ষে রয়েছেন দলের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদসহ কয়েকজন নেতা।
জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মঞ্জুরুল আলম বলেন, ‘সর্বশেষ কমিটি গঠনের সময় ওপরে কিছু লেনদেনের কথা শুনেছি। এ কারণে যোগ্যতাসম্পন্ন অনেকে বাদ পড়েছেন। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিরা স্থান পেয়েছেন। তবে কেন্দ্র থেকে কাগজে নাম লিখে আনলেই নেতা হওয়া যায় না। নেতা হতে হলে রাজপথে থাকতে হয়। আশা করি, ইলেকশন আসলে দলে এ বিভেদ থাকবে না। দল যাঁকে মনোনয়ন দেবে, সবাই তাঁর জন্য কাজ করব।’
সাংগঠনিক সম্পাদক এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বিভেদ কাম্য নয়। এতে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে যে কমিটি হয়েছে, তা দিয়ে আন্দোলন করা যাবে।
দলটির স্থানীয় সূত্রে জানা যায়, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ২০০০ সালে বিএনপিতে যোগ দেন। এর আগে ওয়ার্কার্স পার্টির এই নেতা তিনবারের নির্বাচিত পৌর চেয়ারম্যান ছিলেন। ২০০১ সালে তিনি সাংসদ নির্বাচিত হন। ২০০৪ সালে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হন। ২০১১ সালের ২০ জুনের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। এই কমিটির সাধারণ সম্পাদক হন অপেক্ষাকৃত নতুন মুখ হারুন-অর-রশিদ। দলে যোগ দেওয়ার পর থেকেই আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে এম এ খালেকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। পরে খালেকের সঙ্গে যুক্ত হন হারুন। এখন আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দলে আবার বিরোধ বেড়েছে। এর আগে ২০০৮ সালে সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির তৎকালীন সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনে নাছিরুল হক পরাজিত হন। ২০১৪ সালের সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।
আসন্ন সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন। তাঁরা হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সহসভাপতি এম এ খালেক ও অপর সহসভাপতি আসলাম মিয়া। রাজবাড়ী-২ আসনেও মনোনয়নপ্রত্যাশী তিনজন। তাঁরা হলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির এক নম্বর সদস্য নাছিরুল হক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও সহসভাপতি গোলাম শওকত।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ জুলাই জেলা বিএনপির ১৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পক্ষের ৭৮ জন এবং সাধারণ সম্পাদক পক্ষের ৭৩ জন স্থান পান। এ কমিটি ঘোষণার পর থেকে দলে বিভক্তি আবার দৃশ্যমান হয়। কমিটি ঘোষণার পরদিন সাধারণ সম্পাদকের পক্ষের একজনকে কুপিয়ে আহত করা হয়। এর তিন দিন পর সভাপতি পক্ষের লোকজন সংবাদ সম্মেলন করে নতুন কমিটির তালিকা পুড়িয়ে কমিটি প্রত্যাখ্যান করে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ-মিছিল করে প্রতিপক্ষ। সভাপতির পক্ষের নেতা-কর্মীদের সংস্কারপন্থী ও সাধারণ সম্পাদকের পক্ষকে আওয়ামী লীগের ‘বি টিম’ হিসেবে অভিযুক্ত করছেন দলীয় প্রতিপক্ষরা।
হারুন অর রশিদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের বি টিম হলে ক্ষমতা ব্যবহার করে দলীয় অফিস দখল করে নিতাম। জেলায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে থেকেছি, ভবিষ্যতেও থাকব। দলের মধ্যে সব সময় সমঝোতা করে চলেছি। এখনো তাই চাই। কোনো বিভেদ চাই না।’
দলটির সাধারণ নেতা-কর্মীরা বলেন, বর্তমানে শহরের আজাদী ময়দানের পাশে অবস্থিত দলীয় কার্যালয়টি সভাপতি পক্ষের নেতা-কর্মীদের দখলে রয়েছে। অপর পক্ষের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করেন সহসভাপতি এম এ খালেকের ব্যক্তিগত কার্যালয় থেকে। এটি শহরের রেলস্টেশনের পাশে অবস্থিত। তবে কোনো পক্ষই কেন্দ্র থেকে ঘোষিত ছাড়া অন্য কর্মসূচি পালন করেন না। সভাপতি পক্ষের কর্মসূচি কার্যালয় এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অপর পক্ষের কর্মসূচি রেলস্টেশন পর্যন্ত। স্থানীয় জনদুর্ভোগ নিয়ে কোনো পক্ষেরই কর্মসূচি নেই।
এম এ খালেক বলেন, ‘দলের জন্মলগ্ন থেকে আছি। তবে সাম্প্রতিক কালে কিছু ঘটনায় প্রাণনাশের আতঙ্কে রয়েছি। দলের ভেতর কেউ কেউ ব্যাড গেম খেলছেন। এর পরিণাম ভয়ংকর। সংস্কারপন্থীরা দলের ভালো চান না বলে বিভেদ তৈরি করছেন।’
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘যে সংকট তৈরি হয়েছে তাতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন্দ্রের উচিত সংকট নিরসনে মনোযোগী হওয়া। আমি একসঙ্গে কাজ করতে চাই। কিন্তু প্রতিপক্ষের লোকজন নিজেদের দুর্বলতা আড়াল করতে অফিসে আসেন না। তাঁরা আলাদাভাবে কর্মসূচি পালন করেন।’