কমিটি ছাড়াই শেষ হলো পাবনা ছাত্রলীগের সম্মেলন
ছয় বছর পর গতকাল শনিবার পাবনা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে কমিটি ঘোষণা না করেই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা-কর্মীরা ঢাকায় ফিরে গেছেন।
ছাত্রলীগের পাঁচ-ছয়জন নেতা-কর্মী জানান, নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে গোপন বৈঠকে বসেন। একপর্যায়ে ঢাকায় গিয়ে কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। পরে কেন্দ্রীয় নেতারা বৈঠক শেষে ঢাকার উদ্দেশে রওনা হন।
এ প্রসঙ্গে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, নতুন নেতৃত্ব নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মতামত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্মেলনে আসতে পারেননি। ঢাকায় গিয়ে তাঁর সঙ্গে আলোচনা করে নতুন কমিটি ঘোষণা করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সম্মেলন উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাবনা শহরে আসতে শুরু করেন। এ সময় তাঁরা জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীদের সমর্থনে পোস্টার, ব্যানারসহ মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে থাকেন। বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চ মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন এইচ এম বদিউজ্জামান সোহাগ।
এর আগে অনুষ্ঠানে প্রথম পর্বের আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি আহম্মেদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পাবনা সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক। সম্মেলনে আরও বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম প্রমুখ। আলোচনায় নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এ ছাড়া ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য নিয়েও বক্তব্য দেন।
বিকেলে দ্বিতীয় পর্বে কমিটি গঠনের লক্ষ্যে অধিবেশন বসে। তবে শেষ পর্যন্ত কমিটি ঘোষণা হয়নি।
২০০৯ সালের ২ মে পাবনা জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে খন্দকার আহমেদ শরীফ সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।