তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছে নওগাঁ জেলা আওয়ামী লীগ। এর মধ্যে দুটি ধারার নেতৃত্ব দিচ্ছেন নবগঠিত দুই সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এর বাইরে নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলমের অনুসারীরা পৃথক একটি ধারা হিসেবে সক্রিয় আছেন।
এখানকার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৪ ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সম্মেলনে নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আবদুল মালেককে সভাপতি এবং নওগাঁ-১ (নেয়ামতপুর, সাপাহার, পোরশা) আসনের সাংসদ সাধন মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর ছয় মাস পার হলেও বাকি পদগুলোতে কারও নাম ঘোষণা করা হয়নি। দুই সদস্যের কমিটির ওপর ভর করেই চলছে জেলা আওয়ামী লীগের কার্যক্রম।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, দল ক্ষমতায় থাকায় এখন সবাই নেতা। সাধারণত এ অবস্থার সৃষ্টি হলে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয়। এ জন্যই হয়তো বর্তমান নেতৃত্ব পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারছেন না।
অবশ্য সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার দাবি করেন, ‘কমিটি ঘোষণার পর প্রায় তিন মাস আমি অসুস্থ ছিলাম। এ ছাড়া এই সময়ের মধ্যে দুবার সংসদ অধিবেশন চলায় সভাপতির সঙ্গে আমার বসা হয়নি। আশা করছি, খুব শিগগির কমিটি ঘোষণা করা হবে।’
দলের স্থানীয় সূত্রগুলো জানায়, সম্মেলন হওয়ার পর পর কমিটির বাকি পদগুলোতে নিজের পছন্দের ব্যক্তিদের বসাতে সচেষ্ট হন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর মধ্যে সাধারণ সম্পাদক সাধন মজুমদারের সঙ্গে রয়েছেন সংসদের হুইপ শহীদুজ্জামান এবং সাংসদ সেলিম উদ্দিন তরফদার। তাঁরা জেলা ও উপজেলা কমিটিগুলো নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন। আবার দলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্রিয় সভাপতি আবদুল মালেকও। তিনিও দল ভারী করতে নানাভাবে সক্রিয়।
পাশাপাশি সাংসদ ইসরাফিল আলমের এখানকার রাজনীতিতে বেশ প্রভাব আছে। তাঁর অনুসারীর সংখ্যাও কম নয়। যদিও ইসরাফিল আলম দাবি করেন, তাঁর কোনো গ্রুপ নেই। দলে সবাই একসঙ্গে আছেন।
এ ছাড়া নওগাঁ-৪ (মান্দা) আসনের সাংসদ এবং পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দীন প্রামাণিকও এ জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ। তবে তাঁর নিজস্ব কোনো গ্রুপ নেই। অন্য কোনো গ্রুপের সঙ্গেও জড়াননি। তিনি অনেকটা ‘একলা চলো নীতি’ অনুসরণ করছেন বলে দলীয় সূত্রগুলো বলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির এক সদস্য বলেন, স্বাধীনতার পর থেকে নওগাঁয় আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হতো সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল জলিলকে কেন্দ্র করে। ২০১৩ সালে তাঁর মৃত্যুর পর এখন আর কেউ কাউকে ছাড় দিতে চায় না, যার প্রভাব পড়েছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ওপরও।
দলের বর্তমান অবস্থা সম্পর্কে জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কৃষ্ণ সাহা বলেন, ছয় মাসেও পূর্ণাঙ্গ জেলা কমিটি না হওয়ায় অনেক জ্যেষ্ঠ নেতার কোনো পদ নেই। ২০০৯ সালে যুবলীগের কমিটি ভেঙে দেওয়া হয়। তিন বছর পর ২০১৩ সালের এপ্রিলে আহ্বায়ক কমিটি হয়। এরপর দুই বছরেও যুবলীগের কমিটি হয়নি। কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একজন আরেকজনকে বহিষ্কার করেছেন। ছাত্রলীগের দুই কমিটি। এতেই দলের অবস্থা বোঝা যায়।