কমিটি নতুন, বিরোধ পুরোনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের বোমাং রাজপরিবারের প্রভাবশালী দুই সদস্যকে ঘিরে জেলা বিএনপির রাজনীতি বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন মাম্যাচিং (রাজ পরিবারের বধূ)। অন্য পক্ষে রয়েছেন সাচিংপ্রু জেরি। সম্পর্কে তাঁরা মামি (মাম্যাচিং) ও ভাগনে। গত বৃহস্পতিবার কেন্দ্র থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা বিএনপির নতুন যে কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে তাতে পুরোনো দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে বলে মন্তব্য করেছেন অনেক নেতা-কর্মী।
নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মাম্যাচিংকে। তিনি দলের কেন্দ্রীয় কমিটির উপজাতিবিষয়ক সম্পাদক। এর আগেও দলের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তিনি। আর সাধারণ সম্পাদক পদে এসেছেন মাম্যচিংয়ের পক্ষের নেতা হিসেবে পরিচিত বান্দরবান পৌরসভার সাবেক মেয়র জাবেদ রেজা। তিনি আগের কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হতে পারে।
এর আগের কমিটিতে সাচিংপ্রু জেরি সভাপতি এবং আজিজুর রহমান সাধারণ সম্পাদক ছিলেন। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই এক পক্ষের হওয়ায় দলের অন্য অংশের নেতারা ‘গণপদত্যাগ’-এর মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোনো পক্ষকে বিবেচনায় নয়, সবাই যাতে একসঙ্গে কাজ করতে পারে, সে রকম একটি কমিটি করা হয়েছে। প্রথম প্রথম কিছু দ্বিমত থাকলেও পরে ঠিক হয়ে যাবে।
নতুন কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে সাচিংপ্রু জেরি পক্ষের নেতা হিসেবে পরিচিত বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও আজিজুর রহমান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলা কমিটি গঠনের ব্যাপারে গত বছরের ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দলের সবাইকে নিয়ে সম্মিলনী সভা হয়। সেখানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো কাউন্সিলের মাধ্যমে গঠনের পক্ষে মত দিয়েছিলেন বেশির ভাগ নেতা। এখন হঠাৎ করে মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেওয়ায় তাঁরা হতাশ। এ কমিটিকে জেলা-উপজেলা-ইউনিয়ন কমিটির কেউ মেনে নেবে না বলেও তাঁরা মন্তব্য করেন।
আব্দুল কুদ্দুস ও আজিজুর রহমান বলেন, সাচিংপ্রু জেরি দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরলে তাঁকে নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে যাবেন তাঁরা। ঘোষিত কমিটি বাতিল অথবা পরিবর্তন করা না হলে গণপদত্যাগের দিকে যাওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় থাকবে না। এ ছাড়া শনিবার (আজ) কমিটি গঠন করা নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন তাঁরা।
বিএনপির সহযোগী সংগঠনের অনেক নেতা নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা উম্মে কুলসুম সুলতানা বলেন, জনবিচ্ছিন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটির পক্ষে সাংগঠনিক কাজ করা সম্ভব নয়।
তবে নতুন কমিটির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, জেলা কমিটি গঠনে দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছিল। এখন উভয় পক্ষের লোকজন নিয়ে সুন্দর ও শক্তিশালী কমিটি করা হয়েছে। কমিটি নিয়ে কারও দ্বিমত থাকলেও দলের স্বার্থে সবাই মিলে কাজ করা সম্ভব হবে।