লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ছয় মাস ধরে নেই। এতে দলীয় কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এদিকে নতুন কমিটিতে পদ পাওয়ার জন্য অন্তত ২৪ নেতা-কর্মী দৌড়-ঝাঁপ করছেন।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় গত ২০ মার্চ রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা ও রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই দিন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হাসান লোটাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে তারেক আজিজ ওরফে জনি, মহসিন পাটোয়ারী ও খান আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে কাউছার হোসেন ও বেলায়েত হোসেন দৌড়-ঝাঁপ করছেন। এ ছাড়া পৌর ছাত্রলীগের সভাপতি পদে মো. রিজভী ও সাদ্দাম পাটোয়ারী; সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন ও তানভীর আহমেদ এবং কলেজ ছাত্রলীগের সভাপতি পদে বেলায়েত হোসেন ওরফে রকি ও হিরা আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে জাবেদ ওমর ও আহাদ পাটোয়ারী প্রার্থী আছেন।
ছাত্রলীগ নেতা-কর্মীদের ভাষ্যমতে, ছাত্রলীগ এখন হযবরল অবস্থায় আছে। কোনো সাংগঠনিক কর্মসূচি নেই। জেলা ছাত্রলীগের কয়েক জন সিনিয়র নেতা চাইছেন সম্মেলন না করে তাঁদের পছন্দের লোক দিয়ে পকেট কমিটি করতে। ছয় মাস ধরে কর্মীরা কমিটির জন্য ঘুরলেও রহস্যজনক কারণে জেলা ছাত্রলীগ কমিটি দিচ্ছে না।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী তারেক আজিজ বলেন, ‘দীর্ঘ বছর ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আছি। দলের জন্য আরও বেশি কাজ করতে সভাপতি পদে প্রার্থী হয়েছি।
পৌর কমিটির সভাপতি পদপ্রার্থী মো. রিজভী বলেন, ‘ছাত্রলীগের কমিটি দিলে দল আরও গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। আমরা কমিটির জন্য জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ রাখছি।’
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ বিন জাকারিয়াসহ ছয়জন কর্মী জানান, ছয় মাস ধরে কমিটি না থাকায় দলীয় কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।
ছয় মাসেও নতুন কমিটি না দেওয়ার কারণ জানতে চাইলে গত সোমবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান বলেন, রায়পুর ছাত্রলীগের তিনটি কমিটিই মেয়াদোত্তীর্ণ ছিল। কেন্দ্রীয় নেতারা সময় দিতে পারছেন না। এ জন্য সম্মেলন করা যায়নি। সংগঠনকে আরও গতিশীল করতে অচিরেই সম্মেলনের মাধ্যমেই কমিটি করা হবে।