সম্মেলন হলেও নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সম্মেলনের প্রায় ছয় মাস পর কেন্দ্রে প্রস্তাব পাঠিয়েছেন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু সম্মেলন বয়কটকারী দুজন নেতাও আলাদা কমিটির প্রস্তাব করে কেন্দ্রে পাঠিয়েছেন। এতে দলে খানিকটা টানাপোড়েন দেখা দিলেও নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তেই চলছে দল।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। দলের একটি অংশের সম্মেলন বয়কট করার বিষয়ে তাঁদের অনেকটা অভিন্ন ভাষ্য, বড় দলে একাধিক মত থাকতেই পারে। এ ক্ষেত্রে সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি কমিটিতে সংযোজন-বিয়োজন করতে পারেন।
দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দশ বছর পর গত বছরের ১৫ নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সম্মেলনের আগের দিন বিদায়ী কমিটির সহসভাপতি হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলী তাঁর শহরের বাসভবনে সংবাদ সম্মেলন করে কাউন্সিলরদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে সম্মেলন বয়কটের ঘোষণা দেন। আবার সম্মেলনে বক্তৃতায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশিদ ওরফে কিরণও কাউন্সিলরের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তোলেন। তিনি তালিকা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে সম্মেলন থেকে চলে যান। ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেগমগঞ্জ চৌরাস্তায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তাঁর সমর্থকেরা।
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গত মে মাসের মাঝামাঝি কেন্দ্রে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জমা দেন। অন্য পক্ষ অভিযোগ করেছেন, এ কমিটি সভাপতি-সম্পাদকের পছন্দ-অপছন্দের ভিত্তিতে করা হয়েছে। দলের পরীক্ষিত ব্যক্তিরা বাদ পড়েছেন। কাউকে কাউকে উপদেষ্টা বানিয়ে কৌশলে ক্ষমতাহীন করার চেষ্টা হয়েছে।
তবে সাংসদ একরামুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যাঁরা মাঠে ছিলেন, বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে যাঁরা সক্রিয় ভূমিকা রেখেছেন, তাঁদের কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, নির্বাচিত সভাপতি-সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে ছয় মাস সময় নিলেও সম্মেলন বয়কটকারী নেতারা চার দিনের মাথায় কেন্দ্রে একটি কমিটি জমা দেন। ওই কমিটিতে মোহাম্মদ আলী সভাপতি ও মামুনুর রশিদ কিরণকে সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়। মোহাম্মদ আলী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং হাতিয়ার সাবেক সাংসদ। তাঁর স্ত্রী আয়েশা আলী ৫ জানুয়ারির নির্বাচনে হাতিয়ার সাংসদ নির্বাচিত হন। আর মামুনুর রশিদ কিরণ ৫ জানুয়ারির নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে বিনা ভোটে সাংসদ নির্বাচিত হন।
মোহাম্মদ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলা সম্মেলনের আগে সব উপজেলার সম্মেলন হওয়ার কথা থাকলেও হাতিয়া, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় সম্মেলন হয়নি। সম্মেলনে কাউন্সিলরের তালিকাটি ছিল সম্পূর্ণ অবৈধ। এসব কারণে তাঁরা সম্মেলন বয়কট করেছেন। তিনি বলেন, পরে সাংসদ মামুনুর রশিদসহ একাধিক সাংসদ ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি কমিটি করে কেন্দ্রে জমা দিয়েছেন। এখন দলীয় সভাপতিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
অভিযোগের জবাবে সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়। যেসব উপজেলায় সম্মেলন হয়নি, সেখানকার নেতাদের অনুরোধেই তাঁদের দেওয়া তালিকার লোকদের কাউন্সিলর করা হয়। এ নিয়ে জেলার নেতাদের দোষারোপ করা অর্থহীন।
কাউন্সিলরের তালিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন আগের কমিটির সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেনও। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের পর দীর্ঘদিন ধরে তিনি জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু তাঁকে কাউন্সিলর করা হয়নি। সংগঠন এবং নীতি-আদর্শের কথা বলার কারণেই বাদ পড়েছেন বলে দাবি করেন তিনি।
দলের জেলা কমিটিতে নীতি-আদর্শের চর্চা নেই বলে মন্তব্য করেন জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কজন নেতা-কর্মী। তাঁরা বলেন, সবাই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নিয়ে ব্যস্ত। যেমন: জেলা সাধারণ সম্পাদক সাংসদ একরামুল এলাকায় এলেই নেতা-কর্মীদের আনাগোনা বাড়ে। না হলে ততটা দেখা যায় না।
এ প্রসঙ্গে একরামুল করিম চৌধুরী বলেন, আগের বড় নেতারা ছোটখাটো নেতা-কর্মীদের মূল্যায়ন করতেন না, তাঁদের কথা শুনতেন না। তিনি সাধারণ সম্পাদক হওয়ার পর পুরো জেলায় দলের নেতা-কর্মীদের মধ্যে আস্থা ফিরে এসেছে। কোনো সমস্যা হলেই তাঁরা তাঁর কাছে ছুটে আসেন, ফোন করেন। আর তিনিও এলাকায় নিয়মিত সময় দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী প্রথম আলোকে বলেন, দলে মতের পার্থক্য থাকা অস্বাভাবিক কিছু নয়। সাংগঠনিক ভিতই আসল কথা। বর্তমানে জেলায় অন্য যেকোনো সময়ের তুলনায় আওয়ামী লীগ ভালো অবস্থানে আছে।