কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অসন্তোষ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। দলের প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ অসন্তোষ প্রকাশ করেছেন মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি আফজালুল করিমসহ বেশ কয়েকজন নেতা। প্রধানমন্ত্রী এ ব্যাপারে তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেছেন বলে জানা গেছে।
গত রোববার রাত নয়টায় গণভবনে আফজালুল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। সেখানে বরিশাল মহানগর কমিটি সম্পর্কে অভিযোগ তুলে ধরেন তাঁরা। এ সময় অন্যান্যের মধ্যে বর্তমান কমিটির সহসভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম, সাবেক সদস্য হুমায়ুন কবির এবং মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান উপস্থিত ছিলেন।
নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিনিধিদলটি সভানেত্রীর কাছে অভিযোগ করেছে যে ২০০৩ সালে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের পর তৎকালীন আহ্বায়ক শওকত হোসেন হিরন ও যুগ্ম আহ্বায়ক আফজালুল করিমসহ অন্যরা আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন। ২০১২ সালের ২৭ ডিসেম্বর কাউন্সিলের মাধ্যমে হিরন সভাপতি ও আফজালুল করিম কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বের সময়ে দুটি সিটি নির্বাচন, দুটি সংসদ নির্বাচন এবং একটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মহানগর আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় নির্বাচিত নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি নতুন কমিটিতে তাঁরা হয়েছেন উপেক্ষিত। এই কমিটিতে আগের কমিটির নেতাদের মূল্যায়ন করা হয়নি। এ সময় প্রধানমন্ত্রী আফজালুলের কাছে জানতে চান, নতুন কমিটি গঠনের আগে তাঁর মতামত নেওয়া হয়েছে কি না। জবাবে আফজালুল বলেন, তাঁদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ওই কমিটির সদস্যদের নাম জমা দেওয়া হয়েছে। অভিযোগ শুনে শেখ হাসিনা এসব বিষয় উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আফজালুল করিম প্রথম আলোকে বলেন, ‘দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। সভানেত্রীকে বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়ে বিস্তারিত বলেছি। তিনি সব শুনে আমাকে লিখিত দিতে বলেছেন। আমি দু-এক দিনের মধ্যে লিখিত বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে পাঠাব।’
২০১২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কাউন্সিলে ২১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আফজালুল করিম। তাঁকে বাদ দিয়ে যিনি কাউন্সিলে মাত্র ৭০ ভোট পেয়েছেন, তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে, যা আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সঠিক হয়নি বলে মনে করেন প্রবীণ আওয়ামী লীগ নেতারা।