কমিটি নিয়ে বিরোধ চলছে দুই ধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরেও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়নি। সম্মেলনের চার বছর পর কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু দুই পক্ষের সমঝোতা না হওয়ায় এখনো কার্যকরী কমিটির কোনো সভা হয়নি।
এ অবস্থায় দুই ধারায় বিভক্ত হয়ে দলের কার্যক্রম চলছে। দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি একরকম প্রকাশ্যেই চলে এসেছে। এই বিরোধের কারণে দলের নতুন নেতৃত্ব তৈরি ও দলীয় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
নেতা-কর্মীরা জানান, জেলা আওয়ামী লীগের এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ মো. আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে সম্মেলনের দিন কাউন্সিল হয়নি। চার মাস পর ৭ জুলাই কেন্দ্রীয় নেতারা বিশেষ কাউন্সিলের আয়োজন করেন। সেই কাউন্সিলে বিভক্ত দুই পক্ষ নেতৃত্ব নির্বাচনে একমত হতে পারেনি। পরে কাউন্সিলরদের সরাসরি ভোটে মো. আবদুস শহীদ সভাপতি ও নেছার আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই কাউন্সিলেই সিদ্ধান্ত হয়েছিল পরবর্তী সময়ে সমঝোতার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু দলের দুটি ধারার মধ্যে সমঝোতার অভাব, কাউন্সিলের পর সরকারবিরোধী আন্দোলন শুরু ও পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের কারণে পূর্ণাঙ্গ কমিটির গঠন-প্রক্রিয়া পিছিয়ে পড়ে।
এদিকে দল ক্ষমতায় আসার পর দুটি পক্ষের প্রস্তাবিত নামের ভিত্তিতে ২০১০ সালের ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সভায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু ওই কমিটিতে আবদুস শহীদ ও নেছার আহমদের অনুসারী ২৮ জন নেতা-কর্মীর নাম বাদ পড়ায় তাঁরা দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অভিযোগ দেন। এখন প্রকাশ্যে বিভিন্ন সভা-সমাবেশে দুই পক্ষের নেতারা একে অপরের সমালোচনা করছেন।
সৈয়দ মহসিন আলীর নেতৃত্বাধীন অংশের নেতা ও মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ বলেন, ‘স্বীকার করতে অসুবিধা নেই, জেলা কমিটি দুই ধারায় বিভক্ত। সাত-আট বছরে জেলা কমিটির কোনো মিটিং ডাকা হয়নি। সভাপতি-সাধারণ সম্পাদকের কমান্ড শুনতে আমরা বাধ্য নই।’
জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘আমরা কমিটি নিয়ে দুবার কেন্দ্রে অভিযোগ দিয়েছি। এখনো কোনো নির্দেশনা পাইনি। তবে কমিটির সভা না হলেও কর্মিসভা ও বর্ধিত সভা করে দলের নিয়মিত কার্যক্রম চলছে। আর প্রকাশ্য সমালোচনায় দলের প্রচণ্ড ক্ষতি হচ্ছে।’