‘মনে রাখতে হবে, জেলাটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের। এখানে চলতে হয় বুঝে-শুনে। বলতে হয় রয়ে-সয়ে।’
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক জ্যেষ্ঠ নেতা প্রথম আলোর কাছে এই মন্তব্য করেন।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না প্রায় দেড় যুগ ধরে। ফলে দলের নেতৃত্ব আটকে আছে ভারপ্রাপ্তের বেড়াজালে। তবে এসব নিয়ে নেতাদের প্রকাশ্য প্রতিক্রিয়া নেই। যে কজন মুখ খুলেছেন তাঁরা আবার খুবই সতর্ক।
সরেজমিনে প্রায় এক ডজন নেতার সঙ্গে কথা হলো। নেতাদের বুক ফাটলেও মুখ ফোটে না। বিশেষ করে কমিটি নিয়ে মনে নানা কথা থাকলেও ‘মুখে কুলুপ নীতি’তে কে কত পারদর্শী তা টের পাওয়া গেল। এই নেতাদের অনুরোধ, দল নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে—এই তথ্যটুকুও যেন প্রকাশ করা না হয়। আবার দলের উচ্চপর্যায় বা কারও প্রতি তাঁদের বড় কোনো অভিযোগও নেই। দলীয় আনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে তাঁরা সবাই-ই দৃষ্টান্ত হতে চান বলে মনে হলো। দলের উচ্চপর্যায় বলতে তাঁরা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাষ্ট্রপতিকেই বোঝান।
দলের সাংগঠনিক অবস্থা নিয়ে মন্তব্য করার সময় সতর্কতার নীতি অনুসরণ করলেও জেলা আওয়ামী লীগের রাজনৈতিক নিষ্ক্রিয়তার কথা কিছুটা হলেও বলেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান। তিনি বলেন, ‘জোড়াতালি দিয়ে চলছি’। একটু চাপাচাপি করায় বলেন, ‘কমিটির অনেকে এখন আর বেঁচে নেই। অনেকে রোগেশোকে বিছানা নিয়েছেন। দিন দিন নিষ্ক্রিয়তার তালিকা লম্বা হচ্ছে। কাউন্সিলের মাধ্যমে জেলায় নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা উত্তরণের একমাত্র পথ।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হলো, এখানকার সাধারণ মানুষও কিশোরগঞ্জকে রাজনৈতিক শহর হিসেবে মনে করেন। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার জন্ম এই জেলায়। সৈয়দ আশরাফ ছাড়াও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের রাজনীতি ও রাজনৈতিক অর্জন জেলাটির জন্য আলাদা রাজনৈতিক মর্যাদা এনে দিয়েছে বলে মনে করেন তাঁরা।
অনেক হিসাব-নিকাশ কষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ আজিজুল হক বলেন, ‘কাউন্সিল, কাউন্সিল এবং কাউন্সিল—এর বাইরে মুক্তির পথ নেই। কারণ কমিটির তখনকার তরুণেরা এখন মধ্যবয়সী, মধ্যবয়সীরা বৃদ্ধ হয়েছেন। আর বৃদ্ধরা পৃথিবী ছেড়েছেন। আরও কিছুদিন গেলে কমিটিতে প্রয়াতের তালিকাই বড় হবে।’
দলীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৭ সালে। দেড় যুগ আগের ওই কমিটির সভাপতি ছিলেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আর সাধারণ সম্পাদক শামসুল হক। স্পিকার হওয়ার পর থেকে আবদুল হামিদ দলের পদে নেই। এখন তিনি রাষ্ট্রপতি। আর শামসুল হক মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটি স্থায়ীভাবে ভারপ্রাপ্ত নির্ভর হয়ে পড়েছে। তবে এই সময়ের মধ্যে বেশ কয়েকজন এই পদে এসেছেন, কারোরই ভারপ্রাপ্ত খেতাব ঘোচেনি। এখনো তা-ই আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৬৩ সদস্যের কমিটির সহসভাপতি ফয়সল আলম, শাহদাৎ হোসেন, সাধারণ সম্পাদক শামসুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক জিন্নাতুল ইসলাম, সদস্য শ্যামল ঘোষ, হুমায়ুন কবির, সোহরাব উদ্দিন, আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেছেন। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ও মাহাবুবুল হক এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। সদস্য রফিকুল ইসলাম ও আনিসুল বারী ঢাকায় থাকেন। প্রচার সম্পাদক আনোয়ার কামাল ও সদস্য আবুল হাসেমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১/১১-এর পটভূমিতে ‘বিতর্কিত ভূমিকার জন্য’ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মিয়া মো. ফেরদৌস কোণঠাসা।
দলের একাধিক নেতা জানান, বার্ধক্যজনিত কারণে ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম এখন বলতে গেলে শয্যাশায়ী। সহসভাপতি আবদুল করিম ও শ্রমবিষয়ক সম্পাদক লুৎফুল আরেফিন কমিটির কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। মনের দিক দিয়ে সচল থাকলেও অসুস্থতাজনিত কারণে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ দলীয় কার্যক্রমে অনেকটাই অনুপস্থিত। সহসভাপতি কামরুল আহসান, এম এ রশিদ ও বিজয় শংকর রায়, ত্রাণ ও সমাজসেবা সম্পাদক নুরুল ইসলাম আছেন অনুষ্ঠাননির্ভর সক্রিয়তার তালিকায়।
তবে সরব আছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ আজিজুল হক এবং দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এমদাদুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম, কৃষি সম্পাদক সুলতান আহমেদ, সহপ্রচার সম্পাদক আবু সায়িদ ইমাম, সহদপ্তর সম্পাদক আ. সালাম।
সম্প্রতি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, নেতা-কর্মীর আনাগোনা কম থাকলেও দলীয় কার্যালয় আগলে আছেন কয়েকজন পুলিশ সদস্য। পালা করে তাঁরাই কার্যালয় পাহারায় থাকেন।
এত বছরেও সম্মেলন না হওয়া প্রসঙ্গে মন্তব্য করতে না চাইলেও বেশ কয়েকজন নেতা যা বলেন তার সারমর্ম হলো—একাধিকবার সম্ভাব্য তারিখ ঘোষণা হওয়ার পরও দলের সম্মেলন হয়নি। এ বিষয়ে তাঁরা ‘ওপরের দিকে’ তাকিয়ে আছেন। ওপর বলতে তাঁরা সৈয়দ আশরাফ এবং বঙ্গভবনকে ইঙ্গিত করেন।
তবে নেতারা এও জানান, দলের একটি পক্ষ চান রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ রেজুয়ান আহমেদকে জেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের পদে বসানো হোক। আবার অনেকে কিশোরগঞ্জ-১ (সদর) আসনের সাংসদ সৈয়দ আশরাফুল ইসলামের চাচাত ভাই সৈয়দ আশফাকুল ইসলামকে এই দুই পদের কোনো একটিতে দেখতে চান।
অবশ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল শুনিয়েছেন আশার বাণী। তিনি জানান, উপজেলা নির্বাচনসহ নানা কারণে এত দিন না হলেও যেকোনো সময় সম্মেলনের সবুজ বাতি জ্বলে উঠবে।