কমিটি নেই, বিরোধ আছে

২০১৯ সালে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। দুই বছর ধরে কমিটি না থাকায় স্তিমিত দলীয় কার্যক্রম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি

২০১৯ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘অতিসত্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।’ এরপর দুই বছর পার হয়ে গেল, কিন্তু জেলা বিএনপির কমিটি হয়নি।

জেলা বিএনপির অন্তত সাতজন সাবেক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কমিটি না থাকায় জেলা বিএনপির কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। দলের পুরোনো কোন্দলও রয়ে গেছে। ফলে যতই দিন যাচ্ছে, জেলা বিএনপির কর্মকাণ্ড ততই স্তিমিত হয়ে আসছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে জেলা বিএনপির যে কমিটি বিলুপ্ত করা হয়, সেই কমিটি গঠন করা হয়েছিল তার ১০ বছর আগে, ২০০৯ সালে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে ২০১৯ সালের আগস্টে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। তিনি সভা করার উদ্যোগ নেন। কিন্তু ওই সভার আগের রাতে জেলা বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি ওই সভা বাতিল করে দেন। পরে জেলা বিএনপির নেতাদের নিয়ে ঢাকায় সভা হয়। কিন্তু মাঝপথে দুই পক্ষের রেষারেষিতে সভার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এরপর ওই বছরের ২ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে জেলা বিএনপির পাঁচ নেতা, সভাপতি, এক নম্বর সহসভাপতি, সাধারণ সম্পাদক, এক নম্বর যুগ্ম সম্পাদক এবং দপ্তর সম্পাদকের সঙ্গে বৈঠক করেন। এর দুই দিন পর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই বিভক্ত জেলা বিএনপি সব কর্মসূচি পালন করছে বিভক্ত হয়ে। একটি অংশ জেলা বিএনপি নামে এবং অপর অংশ সদর উপজেলা ও শহর বিএনপির নামে কর্মসূচি পালন করে।

সবশেষ ১ সেপ্টেম্বর দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় আইনজীবী সমিতি ভবনে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। এতে সদর উপজেলা ও শহর বিএনপির নেতারা যোগ দেননি। সদর উপজেলা বিএনপি গতকাল শুক্রবার বিকেলে শহরের কমলাপুরে প্রয়াত বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফের পৈতৃক বাড়িতে আলোচনা সভার আয়োজন করে।

দলের নেতারা বলছেন, ১৯৭৮ সালে যাত্রা শুরুর পর থেকে ফরিদপুরের বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। এক পক্ষে ছিলেন সাবেক মন্ত্রী ও দলের সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান, অন্য পক্ষে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। দুজনেই প্রয়াত হওয়ার পর তাঁদের উত্তরাধিকারদের মধ্যেই সেই বিরোধ চলে আসছে। একদিকে নেতৃত্ব দেন ওবায়দুর রহমানের মেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আরেক দিকে কামাল ইউসুফের মেয়ে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফ।

তবে দুই ধারার অনুসারীরা চাইছেন দ্রুত জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হোক। অনেকে এই দীর্ঘসূত্রতার বিষয়টি জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতা হিসেবে দেখছেন।

নায়াব ইউসুফপন্থী হিসেবে পরিচিত জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া বলেন, জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে সংগঠিত করার দায়িত্ব ছিল ফরিদপুরে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতাদের। কিন্তু তাঁরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এ জন্য দল দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। দল বাঁচাতে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের হস্তক্ষেপ প্রয়োজন।

শামা ওবায়েদপন্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুলফিকার হোসেন বলেন, দলকে সুসংগঠিত করতে হলে নতুন ও পুরোনোদের নিয়ে শক্তিশালী দল গঠন করতে হবে, যাতে আন্দোলন ও সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে পারে জেলা বিএনপি।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, কমিটি না থাকলেও দলীয় কর্মসূচি যতটা সম্ভব করা হচ্ছে। তাঁর বিশ্বাস, অচিরেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সদস্য তিনজন। এর প্রধান হলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান।

জেলা বিএনপির নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ব্যর্থ হওয়ার অভিযোগ মানতে রাজি নন শামা ওবায়েদ। তিনি প্রথম আলোকে বলেন, কমিটি না থাকায় স্থবিরতা বিরাজ করছে। তবে পুরোনো কমিটির সদস্যরা বিভিন্ন কর্মসূচি পালনে যে আন্তরিকতা দেখিয়েছেন, তাতে তিনি মুগ্ধ। করোনার কারণে দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেশে জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তিনি দ্রুতই ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে কথা বলে নতুন কমিটি দেওয়ার উদ্যোগ নেবেন।