কমিটি পুনর্গঠনের দাবি ১৭ কাউন্সিলরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর বিএনপির কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে গতকাল রোববার বিজ্ঞপ্তি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের বিএনপিপন্থী ১৭ কাউন্সিলর। এর আগে গত শনিবার বিএনপির ১৬ জন জনপ্রতিনিধি ও নেতা এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির নবগঠিত কমিটি স্থগিত করে পুনরায় কমিটি ঘোষণার দাবি জানান।

গতকালের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে মিথ্যা, বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক তথ্য উপস্থাপন করে তৃণমূল ও স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে আন্দোলনবিমুখ, স্থানীয় রাজনীতিতে নিষ্ক্রিয়, গণবিচ্ছিন্ন ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। মহানগর বিএনপির সদ্য ঘোষিত এরূপ অথর্ব কমিটি অনভিপ্রেত ও নজিরবিহীন উপহাস। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরূপ বিতর্কিত সমন্বয়হীন কমিটি দলের মধ্যে দীর্ঘ মেয়াদে বিভেদ, অস্থিরতা, অচলাবস্থার সৃষ্টি করবে। বিজ্ঞপ্তিতে দ্রুত সদ্য ঘোষিত মহানগর বিএনপির কমিটি স্থগিত করে তৃণমূল ও সব জ্যেষ্ঠ নেতার মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি পুনর্গঠনের জোর দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব সাইদ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বাক্কার, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল আলম, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. টুটুল, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সোবহান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনজুর হোসেন, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুজ্জামান টিটো প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আমিন বলেন, ‘কারও প্রতি কোনো রাগ বা ক্ষোভ থেকে নয়, আমার মনে হয় দলের স্বার্থে কমিটির পুনর্গঠন করা প্রয়োজন। তাই ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছি।’

দীর্ঘ সাত বছর পর গত মঙ্গলবার রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেনকে সভাপতি ও শফিকুল হককে সাধারণ সম্পাদক করে নগর বিএনপির কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। একই দিনে জেলা বিএনপির কমিটিও ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর নগর বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা।