তিন মাসের মধ্যে চট্টগ্রাম নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সময় বেঁধে দিয়েছেন দলের মহাসচিব। কমিটির পরিসর বাড়ানো নিয়ে গত দুই সপ্তাহে সভাপতি ও সম্পাদক নিজেদের মধ্যে তিন দফা বৈঠক করেছেন। তবে আগামী নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে কি না তা নিয়ে নেতা-কর্মীদের সংশয় কাটছে না।
২০০৯ সালের ৯ ডিসেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের চট্টগ্রাম নগর কমিটি গঠন করা হয়। এই কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরী ২০১১ সালে মারা যান। শেষ পাঁচ বছর চার নেতাকে নিয়েই চলেছে চট্টগ্রাম নগর বিএনপির কার্যক্রম। গঠনতন্ত্রে নগর কমিটির মেয়াদ দুই বছর। সর্বোচ্চ সদস্যসংখ্যা ১৭১।
৬ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সংবাদ সম্মেলন করে শাহাদাত হোসেনকে সভাপতি, আবুল হাসেমকে (বক্কর) সাধারণ সম্পাদক ও আবু সুফিয়ানকে জ্যেষ্ঠ সহসভাপতি করে তিন সদস্যের চট্টগ্রাম নগর কমিটি ঘোষণা করেন। নতুন এই কমিটি গঠনের পর থেকে ‘অবমূল্যায়নের’ অভিযোগ এনে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আবু সুফিয়ান। ৯ আগস্ট নতুন কমিটির তিনজনের জন্য চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে সংবর্ধনার আয়োজন করা হলে তাতে যোগ দেননি তিনি।
এবার কমিটির পরিসর বাড়বে কি না, তা জানতে চাইলে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালের ডিসেম্বরে ঘোষিত কমিটির আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমরা পৌনে সাত বছরেও সেই কমিটি পূর্ণাঙ্গ করতে পারিনি। এবার আর দেরি নয়। ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ জন্য আমি মহাসচিব থেকে সর্বোচ্চ তিন মাসের সময় চেয়েছি। ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে ১৫ আগস্ট দেখা হয়েছে। তিনি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন।’
তবে সভাপতির আশ্বাসের পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নগর বিএনপির অনেক নেতা-কর্মী। তাঁদেরই একজন নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘মহাসচিব নগরের পূর্ণাঙ্গ কমিটি করতে তিন মাসের সময় বেঁধে দিয়েছেন। কিন্তু তিনজনের কমিটি ঘোষণার ১৮ দিন পার হয়ে গেছে, সভাপতি একবারও আমাকে ফোন করেননি। আরও অনেকের সঙ্গে তিনি যোগাযোগ করেননি।’
নগর বিএনপির আরেক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, নতুন কমিটির সভাপতি ও সম্পাদক দলের মাঠ পর্যায়ের নেতাদের এখনো ডাকেননি। সবাইকে এক টেবিলে না এনে কীভাবে পূর্ণাঙ্গ কমিটি করবেন তাঁরা।
চট্টগ্রাম নগর বিএনপির বিদায়ী কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের মেহেদীবাগের বাসভবনে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি স্থায়ী কমিটির সদস্য হলেও চট্টগ্রামের নেতা-কর্মীদের সঙ্গে আমার যোগাযোগ সার্বক্ষণিক থাকবে। তবে নতুন কমিটির সভাপতি ও সম্পাদক সবার মতামত নিয়ে নগরের পূর্ণাঙ্গ কমিটি করুক। ত্যাগী নেতা-কর্মীরা কমিটিতে আসুক।’
এ বিষয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বলেন, ‘সভাপতির সঙ্গে আমি দু-তিন দফা বসেছি। আমরা তিন মাস সময় চাইলেও আগামী এক মাসের মধ্যেই আমি পূর্ণাঙ্গ কমিটি করতে চাই।’
পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘তিন মাসের মধ্যে নগরের পূর্ণাঙ্গ কমিটি হলে সবার প্রতি আমার শুভকামনা থাকবে। আমি দলের মঙ্গল চাই।’ সাংগঠনিক কর্মকাণ্ডে কবে থেকে আবার সক্রিয় হবেন, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।