রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির পর এবার ভবানীগঞ্জ পৌর বিএনপির কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। কমিটির সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে গঠনতন্ত্র না মানা ও ‘পারিবারিক’ কমিটি গঠনের অভিযোগ এনে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে বাগমারা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ৯ সেপ্টেম্বর উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
গতকাল বিকেলে বাগমারা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সব ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নিয়ম থাকলেও তা করা হয়নি। শুধু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। কোনো ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকের মতামতও নেওয়া হয়নি। অভিযোগে উল্লেখ করা হয়, কমিটি গঠনের পর তাঁরা অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন শুরু করেছেন। কমিটিতে কোনো ত্যাগী বা সক্রিয় নেতা-কর্মীদের পদে রাখা হয়নি।
শাহিনুল ইসলাম আরও অভিযোগ করেন, আবদুর রাজ্জাক কমিটিতে তাঁর ভগ্নিপতি, ভাগনে, ভাগনি ও আপন মামাতো ভাইকে রেখেছেন। এর মধ্যে তাঁর মামাতো ভাই মঞ্জুরুল হককে জ্যেষ্ঠ সহসভাপতি, ভাগনে হাফিজুর রহমানকে যুগ্ম সম্পাদক, ভাগনি শিউলী আক্তারকে মহিলাবিষয়ক সম্পাদক ও ভগ্নিপতি রমজান আলীকে সদস্য করা হয়েছে।
আর সাধারণ সম্পাদক জিল্লুর রহমানও তাঁর আত্মীয়দের কমিটিতে রেখেছেন। এর মধ্যে তাঁর ছোট ভাই শহিদুল ইসলামকে সহসভাপতি ও খালাতো ভাই আকরাম হোসেনকে যুগ্ম সম্পাদক করেছেন। কমিটির অন্য সদস্যরা তাঁদের ঘনিষ্ঠজন বলে অভিযোগ করা হয়েছে।
কমিটিতে অন্তর্ভুক্তি প্রসঙ্গে আবদুর রাজ্জাকের ভাগনে হাফিজুর রহমান বলেন, তাঁর পরিবারের যাঁদের কমিটিতে রাখা হয়েছে, তাঁরা সবাই আগে বিএনপি ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এতে কোনো স্বজনপ্রীতি করা হয়নি।
গতকালের সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল গফুর, আবদুর রাজ্জাক ও মকলেছুর রহমান পদে থেকেও দলের বিরুদ্ধে বিবৃতি প্রদান ও বক্তব্য দিচ্ছেন। তাঁদের ওই পদ থেকে পদত্যাগ করে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁদের অভিযোগ, বর্তমান কমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়বে। এই কমিটির প্রতি সাধারণ ও তৃণমূলের নেতা-কর্মীদের আস্থা নেই। এ জন্য কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তা বাতিলের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ প্রসঙ্গে আবদুর রাজ্জাক বলেন, কমিটিতে তাঁর কোনো আত্মীয়স্বজন নেই। প্রকৃত নেতাদের নিয়েই কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন ছাড়াই কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, এটা জেলা কমিটির দায়িত্ব, কেন তারা করে দিল না, এটা তাদের বিষয়। তিনি পাল্টা অভিযোগ করেন, যিনি সংবাদ সম্মেলন করেছেন, তিনিও গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের বাইরে থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জোহা সরকার ভবানীগঞ্জ পৌরসভা কমিটিও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করার কথা স্বীকার করে বলেন, অনুকূল পরিবেশ না থাকায় সম্মেলন করা যায়নি। ত্যাগী নেতাদের বাদ দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মীয়স্বজনদের কমিটিতে অন্তর্ভুক্তি প্রসঙ্গে বলেন, ‘এটা আগে বুঝতে পারিনি, এক দিন আগে অভিযোগটি কানে এসেছে।’ বিষয়টি নিয়ে জেলা কমিটিতে আলোচনা করা হবে বলে জানান তিনি।