যুবদলের খুলনা মহানগর শাখার নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন যুবদলের একাংশের নেতারা। আগামী এক সপ্তাহের মধ্যে খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুবদলের একাংশের নেতারা এ দাবি জানান। পাঁচ সদস্যের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে অন্য তিন নেতাও কমিটি নিয়ে সন্তুষ্ট হননি। কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে গত শুক্রবার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে তাঁরাও অংশ নেন।
গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আগের কমিটির সাধারণ সম্পাদক শের আলম সান্টু। লিখিত বক্তব্যে তিনি বলেন, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় অঙ্গ দলগুলোর কমিটি গঠনের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা ও শ্রমিক দলের কমিটি গঠনের উদ্যোগ নেবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু ওই কমিটি কাজ শুরুর আগেই কেন্দ্র আচমকা যুবদলের কমিটি ঘোষণা দেয়। এই কমিটি ঘোষণার আগে স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকেও কোনো মতামত নেওয়া হয়নি।
ত্যাগী ও আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত থাকা নেতাদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে—এমন অভিযোগ করে শের আলম সান্টু বলেন, খুলনায় রাজপথে আন্দোলন-সংগ্রামে যাঁরা সক্রিয় ছিলেন, তাঁদের বাদ দিয়ে আত্মগোপনে থাকা কিছু লোককে দিয়ে যুবদলের যে কমিটি কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, তা সাধারণ নেতা-কর্মীরা মেনে নিতে পারেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন কমিটির সভাপতি মাহবুব হাসান পিয়ারু, যাঁর সর্বোচ্চ রাজনৈতিক যোগ্যতা একটি থানা কমিটির সভাপতি হওয়া। মহানগরের নেতৃত্ব তিনি কোনোকালেই দেননি। সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী প্রায় এক দশক খুলনার কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না।
সংবাদ সম্মেলনে নতুন কমিটির সহসভাপতি চৌধুরী শফিকুল ইসলাম বলেন, সম্মেলন না করে কেন্দ্র থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে। দলের এ সময়ে একটি গ্রহণযোগ্য কমিটি প্রয়োজন ছিল। এই কমিটির মাধ্যমে তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। কমিটি ঘোষণার পর থেকে তৃণমূলের নেতা-কর্মীরা হতাশা প্রকাশ করছেন।
আগামী সাত দিনের মধ্যে খুলনা নগর যুবদলের কমিটি বাতিল করে যোগ্য, ত্যাগী, পরীক্ষিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার আহ্বান জানানো হয়। তা না হলে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে যুবদলের নেতা একরামুল কবির, নতুন কমিটির সহসভাপতি চৌধুরী শফিকুল ইসলাম ও যুবদলের নেতা আতিকুর রহমান, সাইফুল ইসলাম, মো. জাহিদুর রহমান, মো. জাহিদুল হোসেন, দিদারুল ইসলাম, সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এগুলো রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। যেকোনো কমিটিতে মূল পদ দুটি, কিন্তু নেতা-কর্মী অসংখ্য। পদবঞ্চিতরা বা কাঙ্ক্ষিত পদ না পাওয়া ব্যক্তিরা সাময়িক সময়ের জন্য বিক্ষুব্ধ হবেনই। আমরা চাই দলের সিনিয়র যাঁরা অবমূল্যায়িত হয়েছেন বলে মনে করছেন, তাঁদের কেন্দ্রীয় কমিটি জায়গা করে দেবে। কেন্দ্র যেহেতু আমাদের দায়িত্ব দিয়েছে, চাইব সবাইকে নিয়েই সংগঠনকে আরও গতিশীল করতে।’
গত বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু খুলনা মহানগর ও জেলা যুবদলের পাঁচ সদস্য করে আংশিক কমিটি ঘোষণা দেন। ঘোষিত নগর যুবদলের কমিটির সভাপতি মাহাবুবুল হাসান পিয়ারু বিলুপ্ত কমিটির সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি ছিলেন। সহসভাপতি চৌধুরী শফিকুল ইসলাম খুলনা সরকারি সিটি কলেজের ভিপি ও নগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রফিকুল ইসলাম সর্বশেষ সদর থানা যুবদলের সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক কাজী নেহিবুল হাসান দৌলতপুর থানা যুবদলের সভাপতি ছিলেন।