রাজশাহী মহানগর যুবদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির পদবঞ্চিত নেতা-কর্মীরা। গতকাল বুধবার সাবেক সাংসদ ও বিএনপি নেতা কবির হোসেনের বাড়ির সামনে বিক্ষোভ করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নগরের উপশহর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে উপশহর ৩ নম্বর সেক্টরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবির হোসেনের বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। সমাবেশ থেকে নতুন কমিটি বাতিল ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করার দাবি জানানো হয়। পরে যুবদলের নেতা-কর্মীরা কবির হোসেনের সঙ্গে কথা বলেন ও নতুন কমিটি বাতিলের দাবি জানান।
গত ২৭ এপ্রিল আবুল কালাম আজাদ সুইটকে সভাপতি ও মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগরের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। এরপর থেকে বিক্ষোভ করে আসছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।