ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে সংগঠনের একটি পক্ষের বিক্ষোভ অব্যাহত আছে। ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা গতকাল ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখেন।
ইনস্টিটিউটের অধ্যক্ষ আলমগীর সরকার বলেন, ‘ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে কোনো অরাজকতা করেনি, করেছে ইনস্টিটিউটের সামনে ভোলা-চরফ্যাশন আন্তমহাসড়কে। ক্লাস ঠিকমতো চলেছে। কেউ ক্লাসে উপস্থিত না হলে আমাদের কিছু করার নেই।’
ছাত্রলীগ সূত্রে জানা যায়, বোরহানউদ্দীন উপজেলায় অবস্থিত ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এত দিন ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। গত ১৫ আগস্ট ইনস্টিটিউটের ছাত্র কুতুব উদ্দিনকে সভাপতি ও মুবিনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম ইনস্টিটিউটের প্রথম কমিটি ঘোষণা করেন। কোনো কাউন্সিল ও সম্মেলন ছাড়াই কমিটি গঠন করায় ক্ষুব্ধ হন ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করা মো. জোবায়ের হোসেন উজ্জ্বল ও মোহাম্মদ বাপ্পা। জোবায়ের সভাপতি ও বাপ্পা সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। জোবায়ের ও বাপ্পার কর্মী-সমর্থকেরা বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ করেন। গতকাল তাঁরা ক্লাস বর্জন করে সকাল সোয়া ১০টায় ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
দুপুর ১২টার দিকে পুলিশ এসে আন্দোলনে নেতৃত্বদানকারীদের সঙ্গে বৈঠক করে। ছাত্রলীগের কর্মীরা অবরোধ তুলে নেন।
বোরহানউদ্দীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীদের বুঝিয়ে অবরোধ তুলেছি। পরিস্থিতি এখন শান্ত।’
বিক্ষোভ প্রসঙ্গে জোবায়ের হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইনস্টিটিউটে ছাত্রলীগের রাজনীতি আমি শুরু করেছি। এখন এখানে ছাত্রলীগের ৪০০ কর্মী-সমর্থক আছেন। তাঁরা আমাদের সমর্থক। কিন্তু জেলা কমিটির সভাপতি-সম্পাদক সম্মেলন না করে নিজেদের পছন্দের ছাত্রদের নিয়ে কমিটি গঠন করেছেন, যাঁরা সদ্য ছাত্রলীগে ঢুকেছেন। ওই কমিটি আমরা মানি না। সম্মেলন করে নতুন কমিটির দাবিতে আমাদের আন্দোলন। আমাদের আন্দোলন চলবে।’
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম ও নবগঠিত কমিটির সভাপতি কুতুব উদ্দিন অভিযোগ করেন, যাঁরা আন্দোলন করছেন তাঁরা অধিকাংশ ছাত্রদল ও ছাত্রশিবির থেকে আসা। তাঁরা জামায়াত-শিবিরের এজেন্ডা ও হরতাল বাস্তবায়নের জন্য ক্যাম্পাস বন্ধসহ সড়ক অবরোধ করেছেন।