কমিটি বিলুপ্ত করায় ছাত্রলীগের বিক্ষোভ, সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় এর প্রতিবাদে গত সোমবার সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা ছাত্রলীগ গতকাল সন্ধ্যায় সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনের আগে উপজেলা ছাত্রলীগের সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের (বিলুপ্ত ঘোষিত) সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার বলেন, ‘১১ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আমরা অগণতান্ত্রিক ও অসাংগঠনিকভাবে নেওয়া এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাংগঠনিক নিয়মকানুন অনুযায়ী আওয়ামী লীগ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করার ক্ষমতা রাখে না। কাজেই তাদের ওই ঘোষণার কোনো মূল্য নেই। তবে এর মাধ্যমে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

মশিউর ও ফাহিম আরও বলেন, আওয়ামী লীগের স্থানীয় কিছু প্রভাবশালী নেতার ইঙ্গিতে উপজেলার সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমানকে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে তাঁরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দলের পক্ষে কাজ না করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউরকে আগেই বহিষ্কার করা হয়। আর সম্পাদক ফাহিমকে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া এ বছর ওই কমিটির মেয়াদও শেষ হয়েছে। এসব কারণে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

ফাহিম শাহরিয়ার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের কমিটি মেয়াদোত্তীর্ণ নয়, ২০১৫ সালের ১৭ জুলাই কমিটিকে জেলা ছাত্রলীগ অনুমোদন দিয়েছে।’