নেতৃত্ব নিয়ে বিরোধের কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। এ রকম পরিস্থিতিতে তিন মাস আগে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে জেলা কমিটি। এতে উপজেলা পর্যায়ে দলটি নেতৃত্বশূন্য হয়ে পড়ায় বিরোধ আরও তীব্র হয়েছে। দলীয় কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দ্রুত কমিটি গঠন করা না হলে দল আরও ক্ষতিগ্রস্ত হবে বলে দুই পক্ষের নেতা-কর্মীরা দাবি করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৬ অক্টোবর উপজেলা কমিটির সভাপতি মতিয়র রহমান মারা যাওয়ার পর নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরপর নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষের নেতৃত্বে আছেন বিলুপ্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বদরুল মোমেন। তিনি দলীয় বিভিন্ন কর্মসূচি তাঁর বাড়ির সামনে পালন করেন। অপর পক্ষের নেতৃত্বে আছেন প্রয়াত সভাপতি মতিয়র রহমানের জামাতা ও উপজেলা কমিটির সদস্য শফিকুল আলম। তিনি দলীয় নানা কর্মসূচি দলীয় কার্যালয়ে পালন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, মতিয়র রহমান মারা যাওয়ার পর সাধারণ সম্পাদক বদরুল মোমেন নতুন কমিটি গঠন করে তিনি সভাপতি হওয়ার চেষ্টা করেন। অন্যদিকে শফিকুল আলম ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সাত্তারের নেতৃত্বেই দলীয় কার্যক্রম চালাতে চেয়েছিলেন। এ বিষয় নিয়েই তাঁদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, নিকলী উপজেলা কমিটি হয়েছিল ২০০৯ সালের ২৫ নভেম্বর। নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে চলতি বছরের ২১ মে কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে নিকলী উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়। বর্তমানে আহ্বায়ক কমিটি করতে না পারার কারণও দ্বন্দ্ব।
নেতা-কর্মীদের একাংশ মনে করে, কমিটি না থাকায় দ্বন্দ্ব আরও বেড়ে গেছে। কারণ, দুই পক্ষই আহ্বায়ক কমিটি গঠনের জন্য তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে বদরুল মোমেনের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটির খসড়া জেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ওই কমিটিতে শফিকুল আলম পক্ষের কোনো নেতার নাম নেই। শফিকুলের নেতৃত্বে জেলা কমিটির কাছে জমা দেওয়া আহ্বায়ক কমিটির খসড়ায়ও বদরুল মোমেন পক্ষের কোনো নেতার নাম নেই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম বলেন, নিকলীতে দুই পক্ষের বিরোধের কারণে দলের অনেক ক্ষতি হয়েছে। এ কারণে কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জেলা কমিটির সভাপতি ফজলুর রহমান দেশের বাইরে আছেন। তিনি দেশে আসার পর যত দ্রুত সম্ভব আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বিএনপি নেতা বদরুল মোমেন বলেন, ‘শফিকুলকে আমি প্রতিপক্ষ মনে করি না। সে ছোট নেতা। তার দক্ষতা কম। তা ছাড়া পেশিশক্তি দিয়ে রাজনীতি হয় না। উপজেলা পরিষদ নির্বাচনে আমি দলীয় প্রার্থী হওয়ার পরও সে আমার বিরুদ্ধে কাজ করেছে।’
বিএনপি নেতা শফিকুল আলম অভিযোগ করেন, কেন্দ্রীয়ভাবে হরতাল-অবরোধসহ যেসব কর্মসূচি দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক হিসেবে বদরুল মোমেন তা পালন করেননি। তিনি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলেন। তিনি দাবি করেন, তিনিসহ উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা জেলার নেতাদের কাউন্সিলের মাধ্যমে প্রার্থী দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁরা দলের নেতা-কর্মীদের দাবি না মেনে বদরুল মোমেনকে প্রার্থী দেন। নির্বাচন চলাকালে দল-সমথির্ত প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ তিনি অস্বীকার করেন।