ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে অছাত্র, ব্যবসায়ী ও বিবাহিতরা স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৩৬ জনের মধ্যে আংশিক কমিটির অন্তত ২০ জনকে চেনেন না বলে জানিয়েছেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
কসবা উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন গত শুক্রবার কসবা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে সেখানে উপজেলা ছাত্রলীগের সাবেক ও নতুন কমিটির নেতাদের নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মনির হোসেন ও জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রাসেল মিয়াসহ স্থানীয় নেতারা বৈঠকে বসেন। বৈঠকে মনির হোসেনকে সভাপতি এবং আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।
অভিযোগ উঠেছে, নতুন কমিটির ৩৬ জনের বেশির ভাগ উপজেলা ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত নন। এতে স্থান পেয়েছেন অছাত্র, বিবাহিত, সন্তানের জনক, সরকারি চাকরিজীবী, ছাত্রদল হিসেবে পরিচিত ব্যক্তিরাও।
ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী জানান, নতুন কমিটির সহসভাপতি গোপীনাথপুর জয়নগর এলাকার নিয়ামত উল্লাহ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এ বিষয়ে জানতে গতকাল রাতে মুঠোফোনে ফোন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব।’ এরপরই তিনি ফোন কেটে দেন।
আরেক সহসভাপতি মূলগ্রাম এলাকার ইমাম হোসেন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেন না। স্থানীয় চারগাছবাজারে তার ফোন-ফ্যাক্সের দোকান রয়েছে। গতকাল তিনি মুঠোফোনে বলেন, ‘২০০১ সালের এসএসসি পাসের পর আর কলেজে যাইনি।’ ছাত্রলীগের জেলা কমিটির অনেকেই তাঁর পরিচিত বলে জানান তিনি।
এ ছাড়া কমিটির যুগ্ম সম্পাদক তালতলা এলাকার হাবিবুর রহমান বিবাহিত বলে জানা গেছে। নতুন কমিটির একাধিক সদস্যের কাছে তাঁর মুঠোফোন নম্বর চাইলেও তাঁরা দিতে পারেননি।
উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘৩৬ জনের আংশিক কমিটির ২০ জনকেই আমরা চিনি না। জেলা ছাত্রলীগের নেতা তাঁদের অন্তর্ভুক্ত করেছেন। তাঁরা কসবার রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁদের মধ্যে কেউ কেউ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া কেউ সরকারি চাকরিজীবী, বিবাহিত ও ব্যবসায়ী।’
কসবা ছাত্রলীগের বিদায়ী সভাপতি ও পৌর মেয়র এমরান উদ্দিন বলেন, ‘আমাদের সঙ্গে যাঁরা দীর্ঘদিন মাঠে-ময়দানে সক্রিয় ছিলেন, কমিটিতে তাঁদের না রেখে জেলার নেতারা অপরিচিত, অযোগ্যদের অন্তর্ভুক্ত করেছেন। আমি এর প্রতিবাদ করেছি।’
জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে কমিটিতে নাম দেওয়া হয়েছে। তখন কেউ আপত্তি জানাননি। ছাত্রলীগের মতো একটি বড় সংগঠনে পদ না পেলে অনেক কথাই উঠতে পারে। তারপরও কমিটির কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিতভাবে দিতে হবে। তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।