চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির এক নম্বর উপদেষ্টা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতারকে। তিনি নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সদস্য ছিলেন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নগর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন কমিটির উপদেষ্টা ও নির্বাহী সদস্যদের নাম ঘোষণা করেন। শিরীণ আখতারকে উপদেষ্টা পরিষদের সদস্য করার বিষয়ে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘উনি (শিরীণ আখতার) একজন শিক্ষাবিদ। আমরা মাঝেমধ্যে ওনার পরামর্শ নিতে চাই। এ কারণে তাঁকে উপদেষ্টা করেছি।’
এ বিষয়ে শিরীণ আখতার বলেন, ‘তাঁরা (মহিলা আওয়ামী লীগ) ভুল করে আমাকে উপদেষ্টা করেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির (সহ-উপাচার্য) দায়িত্বে আছি। কেউ চাইলেও আমি কোনো দলের সঙ্গে থাকতে পারি না। বিষয়টি নিয়ে আমি মহিউদ্দিন চৌধুরী (চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি) সাহেবের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমার নাম বাদ দেবেন।’ উল্লেখ্য, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন।
শিরীণ আখতার ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের সঙ্গে রয়েছেন। ২০১৪ সালে হলুদ দলের প্যানেল থেকে শিক্ষক সমিতির কার্যকরী সদস্যও নির্বাচিত হন। তাঁর বাবা মৃত আফসার কামাল চৌধুরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগে ছয় সদস্যের যে সার্চ কমিটি করেছিলেন, সেখানে শিরীণ আখতার একমাত্র নারী সদস্য ছিলেন।
এদিকে নগর মহিলা আওয়ামী লীগের ‘পাল্টা কমিটির’ দুজনকে নতুন কমিটিতে রাখা হয়েছে। এর মধ্যে রেখা আলমকে নতুন কমিটির যুগ্ম সম্পাদক (পাল্টা কমিটির সাধারণ সম্পাদক) এবং সহসভাপতি হাসিনা জাফরকে (পাল্টা কমিটির সহসভাপতি) উপদেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে হাসিনা মহিউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সবাইকে নিয়ে তাঁরা রাজনীতি করতে চান। দলের প্রতি যাঁদের অবদান আছে, তাঁরাই কমিটিতে জায়গা পেয়েছেন।
দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সদস্যসংখ্যা ৭১ জন। কিন্তু গতকাল ৭ নম্বর সহসভাপতি এবং ৪০ ও ৪১ নম্বর সদস্যপদ শূন্য রেখে বাকি ৬৮ জনের নাম ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশারফ এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পিনু খান।
পাল্টা কমিটির বিষয়ে সংবাদ সম্মেলনে হাসিনা মহিউদ্দিন বলেন, কয়েকজন বসন্তের কোকিল সংবাদ সম্মেলনের মাধ্যমে তথাকথিত কমিটি ঘোষণা করে সংগঠন ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। নগর মহিলা আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন নেই। মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।
গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারের মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে কণ্ঠভোটে হাসিনা মহিউদ্দিনকে সভানেত্রী ও আঞ্জুমান আরা চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরদিন সংগঠনের একটি অংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন। পাল্টা কমিটির সভানেত্রী নমিতা আইচ নতুন কমিটিতে জায়গা পাননি।