প্রায় নয় মাস কমিটিশূন্য থাকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে বিভক্তি দেখা দিয়েছে। পদপ্রত্যাশী কর্মীরা নিজেদের মধ্যে নয়টি উপদল সৃষ্টি করেছেন। পদ পাওয়ার আশায় ক্লাস বাদ দিয়ে তাঁরা দিনের পর দিন ঢাকায় অবস্থান করছেন।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কোন্দলের জেরে গত বছরের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর এক মাস পর ছাত্রলীগের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মুর্শেদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এরপর ১১ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের একটি প্রতিনিধিদল ক্যাম্পাসে এসে পদপ্রত্যাশী কর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা নেন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪০ জনের বেশি জীবনবৃত্তান্ত জমা দেন। এখন এই ৪০ জনের মধ্যে ৯টি উপদল সৃষ্টি হয়েছে। উপদলগুলোর নেতৃত্ব দিচ্ছেন এস এম রায়হান, রুবেল মিয়া, সবুজ কাজী, তায়েফ রিয়াদ, আনোয়ারুল হক, হান্নান সজীব, নুরে আলম, শাহীন আহমেদ ও সজল মোস্তাক। তাঁদের সবাই সভাপতি বা সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী।
সংগঠন সূত্রে জানা গেছে, উপদলগুলোর নেতাদের বেশির ভাগ কেন্দ্রীয় নেতাদের সান্নিধ্য পাওয়ার আশায় ক্লাস ও গবেষণা বাদ দিয়ে ঢাকায় অবস্থান করছেন। আর তাঁদের অনুসারীরা ক্যাম্পাসে শোডাউনসহ বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন।
সূত্র জানায়, কমিটি না থাকায় উপদলের ছোটরাও এখন ‘বড়’ নেতা। তাঁদের বিরুদ্ধে ডাইনিংয়ে ফাউ খাওয়া, দোকানিদের কাছ থেকে চাঁদা আদায় ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। উপদলের নেতারাও তাঁদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে পদপ্রত্যাশী কয়েকজন নেতা বলেন, কমিটি না থাকায় উপদলগুলোর সৃষ্টি হয়েছে। তাঁরাও নয় মাসে অনেকটাই হতাশ হয়েছেন। দেরি করায় ছাত্রলীগেরই ক্ষতি হচ্ছে বলে তাঁরা মনে করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রথম আলোকে বলেন, আগামী ঈদের আগেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। তবে বিভিন্ন সময়ে যাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, তাঁদের কমিটিতে রাখা হবে না।