কমিটির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গ থাকবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী মাসে শেষ হতে চললেও আসন্ন বর্ধিত সভায় মেয়াদ বাড়ানো বা নতুন সম্মেলনের কোনো ঘোষণার কথা বলা হচ্ছে না। আগামীকাল রোববার ও পরদিন সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মিলনায়তনে এই বর্ধিত সভা হবে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে বর্ধিত সভার কার্যবিবরণীতে ও লিখিত বক্তব্যে মেয়াদ বাড়ানোর বিষয়টির উল্লেখ নেই।

জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘যেকোনো সিদ্ধান্তই নেওয়া হতে পারে। এটা সভায় আলোচনার পরে বোঝা যাবে।’ লিখিত বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর দুই বছরে ১০৯টি জেলা কমিটির মধ্যে সম্মেলনের মাধ্যমে ৩৭টি জেলার কমিটি গঠন করা হয়েছে। বেশ কয়েকটি ইউনিটে কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, কমিটির মেয়াদ শেষ হওয়ার আগের তিন মাসের মধ্যে বর্ধিত সভা করে নতুন সম্মেলনের তারিখ ঠিক করতে হয় বা মেয়াদ বাড়াতে হয়। কিন্তু শেষ সময়েও ৭২টি জেলা কমিটি গঠিত না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই চাইলে আগামী এক মাসের মধ্যেই কমিটিগুলো করা সম্ভব বলে দাবি করেন।

সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা যেভাবে চাইবেন, আমরা সেভাবেই করব।’