কমিশন বিএনপির প্রতি অতি সদয়: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন বিএনপির প্রতি অতি সদয় আচরণ করছে। আর এটা করতে ​গিয়ে আওয়ামী লীগের সঙ্গে তারা বিমাতাসুলভ আচরণ করেছে। তা ছাড়া এই নির্বাচনে কমিশন প্রচার-প্রচারণায় আওয়ামী লীগের জন্য সমান সুযোগ তৈরি করতে পারেনি। 

আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ​ করে তাদের ক্ষোভের কথা জানান।
সাক্ষাৎ​ শেষে তাঁদের এই ক্ষোভের কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু্ব উল আলম হানিফ। তিনি বলেন, অনেকে ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে সঠিক আচরণ করছে না কমিশন। বিএনপির ‘মিথ্যে’ অভি​যোগ পেয়ে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই ব্যবস্থা নিচ্ছে যা কোনো ভাবেই কাম্য নয়। তিনি অভিযোগ করেন , আওয়ামী লীগের ওপর হামলা হওয়া সত্ত্বেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনকে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তবে এর মানে এই নয় যে, নির্বাচন সুষ্ঠু হবে না। আওয়ামী লী​গ নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল।
হানিফ বলেন, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার বিএনপি প্রার্থী আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন কমিশন আওয়ামী​ লীগের ওপর চাপ দিচ্ছে। অথচ সে সরে দাঁড়াচ্ছেন তার ​পুত্রবধূর মামলার কারণে। একই ভাবে লক্ষ্মীপুরে বিএনপির মেয়র প্রার্থীকে আটকে রাখা হয়েছে বলা হচ্ছে। কিন্তু ওই মেয়র প্রার্থী নিজের বাসায় আছেন। তিনি কমিশনকে অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।