কমিশনের পদক্ষেপ যথেষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গত কয়েক দিনে একাধিক সাংসদ ও নির্বাহী বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাকে যথেষ্ট বলে মনে করছে না বিরোধী দল বিএনপি ও বিশেষজ্ঞরা। তাদের মতে, কমিশন চাইলে এখনো গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সে জন্য মন্ত্রী-সাংসদ ও নির্বাহী বিভাগের ওপর কমিশনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

কমিশনের এই পদক্ষেপ সম্পর্কে সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, দু-একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উদাহরণ তৈরি করলে চলবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অভিযোগ শোনামাত্র যেকোনো লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কমিশনের হাতে সব ক্ষমতাই আছে। এখনো সময় শেষ হয়ে যায়নি। আজ, কাল, এমনকি ভোটের দিনও ব্যবস্থা নিতে হবে। সেটা করতে পারলে নির্বাচন গ্রহণযোগ্য হবে।

আচরণবিধি লঙ্ঘন করায় কমিশন গতকাল বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ ও বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমানকে সতর্ক করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলম গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার সতর্ক করা হয়েছে সিরাজগঞ্জ-৬ আসনের হাসিবুর রহমান ও হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহিরকে। তারও আগে সতর্ক করেছিল এম এ মালেক (ঢাকা-২০), শফিকুল ইসলাম (নাটোর-২) ও শওকত হাচানুর রহমানকে।

তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। আচরণবিধি লঙ্ঘনের কারণে কমিশন ২৩ ডিসেম্বর ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ২৩ জন সাংসদকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর থেকে এখন পর্যন্ত চারজনকে সতর্ক করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গত ২০ দিনে ৫০টির মতো সহিংস ঘটনা ঘটেছে। কিন্তু কমিশন কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। নিলে এসব ঘটনা ঘটত না। এখন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু অনেক বিলম্বে। তবে কমিশন চাইলে এখনো মোটামুটি গ্রহণযোগ্য একটি নির্বাচন করা সম্ভব।

পক্ষপাতমূলক আচরণের জন্য গতকাল জয়পুরহাট পৌরসভার রিটার্নিং কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) তোফাজ্জল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। একই কারণে প্রত্যাহার করা হয়েছে নোয়াখালীর হাতিয়া থানার ওসি নুরুল হুদা, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি মো. আসাদুজ্জামান ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিনকে। সতর্ক করা হয়েছে ময়মনসিংহের ফুলপুর থানার ওসি মাজহারুল ইসলামকে। এর আগে গত কয়েক দিনের একাধিক পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ওসিদের প্রত্যাহার করা হয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রথমবারের মতো দলীয়ভাবে নির্বাচন হচ্ছে। এই হিসেবে যে পরিমাণ হানাহানি হওয়ার কথা, তুলনামূলকভাবে তা অনেক কম হচ্ছে। সুতরাং বলা যায়, নির্বাচনের পরিবেশ এখনো শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণভাবেই শেষ হবে।

তবে বিএনপির যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের সদিচ্ছা থাকতে হবে। সেই সুযোগ এখনো আছে। কিন্তু দু-একজনকে বদলি-সতর্ক করে তা করা সম্ভব নয়। কমিশনকে নিরপেক্ষ অবস্থানে এসে সরকারের নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে নির্বাচন করতে হবে।

২২৯ পৌরসভায় বিজিবি: পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আজ সোমবার থেকে ২২৯টি পৌরসভায় বিজিবি মোতায়েন হচ্ছে। একই সঙ্গে পুলিশ, র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নও মাঠে নামছে। নির্বাচনী আইন অনুযায়ী আজ দিবাগত রাত ১২টা থেকে সব ধরনের মিছিল, সমাবেশ ও পথসভা নিষিদ্ধ থাকবে।

পর্যবেক্ষণের আবেদন ৩২ সংস্থার: পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩২টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি দেশীয় প্রতিষ্ঠানের পর্যবেক্ষকের সংখ্যা ৪ হাজার ১৮৯ জন। বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আবেদন করলেও এখনো পর্যবেক্ষকের সংখ্যা উল্লেখ করেনি। ১০টি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে পক্ষপাতমূলক উল্লেখ করে আওয়ামী লীগ তাদের পর্যবেক্ষণের অনুমতি না দেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন করে। তবে কমিশন ওই আবেদন নাকচ করে দেয়। প্রতিষ্ঠানগুলো হলো মানবাধিকার সমন্বয় পরিষদ, ডেমক্রেসিওয়াচ, মানবিক সাহায্য সংস্থা, মানবাধিকার সমাজ উন্নয়ন সংস্থা, লাইট হাউস, অধিকার, রাইটস (যশোর), খান ফাউন্ডেশন, জাগরণী চক্র ও ন্যাশনাল ইয়ুথ ফোরাম।