কয়েকটি স্থানে জামায়াতের মিছিল, নোয়াখালীতে শিবির নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায় ঘোষণার পর গতকাল সোমবার নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ ও দিনাজপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। পুলিশ ধাওয়া করে ও গুলি ছুড়ে মিছিলকারী জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করার পাশাপাশি অন্তত নয়জনকে আটক করেছে। নোয়াখালীতে ‘পুলিশের গুলিতে’ নিহত হয়েছেন শিবিরের নেতা।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী ও দিনাজপুর অফিস এবং নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর:

নোয়াখালী: কামারুজ্জামানের রায় ঘোষিত হওয়ার পর জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বেলা সাড়ে ১১টার দিকে শহরের মফিজ প্লাজা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে ও শটগানের গুলি ছোড়ে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দাবি করেন, ধাওয়া খেয়ে পালানোর সময় সড়কের পাশে নর্দমার ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান ওমর ফারুক (১৮) নামের এক শিবির নেতা। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তবে ছাত্রশিবিরের নোয়াখালী জেলা (উত্তর) সভাপতি মো. মায়াজ অভিযোগ করেন, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে ধাওয়া ও গুলি করে। এ সময় পুলিশের গুলিতে শিবিরের ‘সাথি’ ফারুক নিহত হন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির বাঁ কানের চামড়ার ভেতর ও পিঠে শটগানের গুলি পাওয়া গেছে।

পুলিশ জানায়, নিহত ফারুক সদর উপজেলার উত্তর কাদিরহানিফ গ্রামের নূর আলমের ছেলে। তিনি নোয়াখালী পাবলিক কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি ছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে রহমত উল্লা ওরফে রাকিব (১৮) ও মো. রাশেল (২০) নামের দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ রহমত উল্লাকে পুলিশি পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্ত্তুজা জানান, কামারুজ্জামানের রায় ঘোষণার পর বিকেলে শহরের বড়ইন্দারা মোড় থেকে শিবিরের বের করা মিছিল বাতেন খাঁর মোড়ে গিয়ে শেষ হয়। সেখান থেকে তিনটি ককটেলসহ আনোয়ার হোসেন (১৪), নুরুজ্জামান (২৫), নূর আলম (১৫), হাসান আলী (১৭), সাকিব হোসেন (১৯) ও আবদুল জাব্বার (১৬) নামের শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল চারটার দিকে শহরের ডন চেম্বার এলাকায় জামায়াত-শিবিরের ১০-১২ জন আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে তিন-চারটি পেট্রলবোমা মেরে বাসটিতে আগুন ধরানোর পর কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ইউসুফ হোসেন নামের এক শিবির কর্মীকে আটক করেছে।

দিনাজপুর: কামারুজ্জামানের রায় ঘোষণার পরপরই জেলার চিরিরবন্দর উপজেলায় দিনাজপুর-রংপুর মহাসড়কে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় দুটি বাসে ইটপাটকেল ছোড়া হয়। পরে পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

একই সময়ে ছাত্রশিবির জেলা শহরের লিলিমোড়ে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে আনিসুর রহমান (২২) নামের এক শিবির নেতাকে আটক করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীকে আটক করে।